২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলন কামরাঙ্গীর চরে, ফিরোজ পলাশীতে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেন নির্বাচনে প্রতীক বরাদ্দের একদিন আগে বৃহস্পতিবার কামরাঙ্গীর চর এলাকার বিভিন্ন অঞ্চলে প্রচার চালিয়েছেন জাতীয় পার্টি সমর্থিত মেয়রপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 01:33 AM

Updated : 22 Aug 2022, 12:04 PM

সিপিবি-বাসদ সমর্থিত বজলুর রশীদ ফিরোজ এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আবাসিক এলাকা ও মার্কেটে নির্বাচনী প্রচার চালান।

সবার জন্য বাসযোগ্য ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে সিটি করপোরেশন নির্বাচনে নেমেছেন বাসদের নেতা ফিরোজ।

প্রচার চলাকালে ফিরোজ সাংবাদিকদের বলেন, “দুর্নীতি, দখল বন্ধ ও উদ্যান-পার্ক রক্ষা করা ছাড়া ঢাকা নগর বাসযোগ্য করা যাবে না। সিটি কর্পোরেশনকে দুর্নীতি মুক্ত করা, ঢাকা শহরকে দখল ও দুষণ মুক্ত করা আমার অঙ্গীকার।”

সকাল সাড়ে ৬টায় সেগুনবাগিচা এলাকায়, রমনা পার্কে, বারডেম হাসপাতাল এলাকায় গণসংযোগ চালান ফিরোজ। প্রাতঃভ্রমণে থাকা নাগরিক, হাসপাতালে অপেক্ষামাণ চিকিৎসা প্রত্যাশীদের কাছে সমর্থন চান তিনি।

সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা, ঢাকা মেডিকেল কলেজ কোয়ার্টার, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পলাশী মোড় কাঁচাবাজার এলাকায় গণসংযোগ চালান ফিরোজ সমর্থকরা।

প্রচারাভিযানে তার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রাজেকুজ্জামান রতন, শ্রমিক নেতা জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, মাঈন উদ্দিন চৌধুরী, ছাত্রনেতা জনার্দন দত্ত নান্টু উপস্থিত ছিলেন।

দুপুরের দিকে কামরাঙ্গীর চর ওয়ালী মার্কেট থেকে শুরু করে চাউলাহাটি, চান মসজিদ, খোলামোড়া ঘাট, আলীমনগর, হুজুরপাড়া, মাতবর বাজার ও এর আশপাশের এলাকায় প্রচারাভিযান চালান জাতীয় পার্টি নেতা মিলন।

প্রচার শেষে রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “কামরাঙ্গীর চর এলাকায় চার ঘণ্টা চক্কর দিলাম। দুপুরে প্রচণ্ড রোদের মধ্যেও মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। সেখানে ২০টার মতো পথসভা করেছি।

“সারা জীবন মানুষের উপকার করেছি, নির্বাচনে ওই রকম সাড়াও পাচ্ছি। আমি মনে করি, আওয়ামী লীগ-বিএনপির বাইরে এসে এবার মানুষ ভোট বিপ্লব ঘটাবে।”