২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানের দণ্ড: বিচারকদের তাগিদ সুরঞ্জিতের

কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায়ের অনুলিপি দ্রুত কারাগারে পাঠাতে বিচারকদের তাগিদ দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 08:46 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আইন, বিচার ও সংসদ বিষয়ক কমিটির এক ব্রিফিংয়ে সুরঞ্জিত বলেন, “সব প্রস্তুত, এখন শুধু (রায়ের অনুলিপিতে) বিচারকদের সই হয়ে গেলেই রায় কার্যকর হয়। আমরা আশা করব বিচারকরা আজকের মধ্যেই সই করে ফেলবেন।”

রায়ের অনুলিপি আদালত থেকে কারাগারে না যাওয়ায় একদিন পরেও গতি পায়নি যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের দণ্ড কার্যকরের প্রক্রিয়া।

বিচারকদের উদ্দেশে সুরঞ্জিত বলেন, “এটা গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। আমরা প্রত্যাশা করব, কোন ঠুনকো অজুহাতে দণ্ড কার্যকর করার প্রক্রিয়াকে যেন বিলম্বিত করা না হয়।”

ব্রিফিংয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক কমিটির চেয়ারম্যান জানান, নিম্ন আদালতের বিচারকদের চাকরির বয়সসীমা বাড়ানোর জন্য কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, “ন্যায়-সৎ-নিরপেক্ষ বিচারক সৃষ্টি করা সহজ নয়। এজন্য তাদের সুযোগ সুবিধা দিতে হয়। হাইকোর্টের বিচারকদের বয়সসীমা ৬৭, লোয়ার কোর্টের ৫৯, একই দেশে এমন অসামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা দূর করতেই এই সুপারিশ করা হয়েছে।”

আদালতে নিষ্পত্তি না হওয়া মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির বিষয়েও বৈঠকে কথা হয়েছে বলে জানান তিনি।

“সারা দেশের লোয়ার কোর্টগুলোতে ২৮ লাখ অনিষ্পন্ন মামলা আছে। এগুলোর দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এজন্য যে সব সৎ ও নিরপেক্ষ বিচারক অবসরগ্রহণ করেছেন তাদের পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে।”