আমাদের জয় মানে শেখ হাসিনার পরাজয়: আমীর খসরু
সিটি নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনাকে পরাজিত করতে হবে বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার দুপুরে নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু বলেন, জনগণ বিএনপির সাথে আছে। তাই শত প্রতিকূলতা স্বত্ত্বেও আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে এসেছে।
“জনগণের কাছে গিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ আওয়ামী লীগের নেই। কারণ তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমাদের মনে রাখতে হবে এটা সাধারণ নির্বাচন নয়। এ নির্বাচনে আমাদের জয় মানে শেখ হাসিনার পরাজয়।”
প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির সভাপতি বলেন, “আওয়ামী লীগের অবৈধ সরকারের নিপীড়ন-নির্যাতনে দলের নেতাকর্মীরা আরও শক্তিশালী হয়েছে। গতবারের চেয়ে বেশি কষ্ট করে আরো বেশি ভোটে এবার আমাদের জিততে হবে।
“আওয়ামী লীগের গুম-খুনের বিরুদ্ধে জনগণ নির্বাচনে নিরব বিপ্লব ঘটাবে। সন্ত্রাস-চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিততে হবে। এই নির্বাচনে বিজয় মানে আমাদের আন্দোলনের বিজয়। মনজর আলম সৎ-বিনয়ী-যোগ্য লোক। তার বিজয় মানে সততার-উন্নয়নের বিজয়।”
নগর যুবদল সহ-সভাপতি সামশুল হকে সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ মহসিন, বিএনপি নেতা এম এ আজিজ, নিয়াম মোহাম্মদ খান ও হাসান মু্রাদ।
মঙ্গলবার দিনভর আমীর খসরু ও জ্যেষ্ঠ নেতারা নগরীর ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর, ৪১ নম্বর পতেঙ্গা, ৯ নম্বর পাহাড়তলি এবং ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এতে আসন্ন সিটি নির্বাচনের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়।
