‘চিকিৎসার জন্য’ অস্ট্রেলিয়ায় গেছেন কাজী জাফর
চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় গেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।
দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে দলের নেতারা জানান।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান দলের মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এটিআইএম ফজলে রাব্বী, এসএমএম আলম, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, নবাব আলী আব্বাস খান ও খালেকুজ্জামান চৌধুরী।
এই সফরে তার সঙ্গে থাকা একান্ত সচিব গোলাম মোস্তফা যাত্রার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অস্ট্রেলিয়ায় কাজী জাফর আহমেদ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করাবেন। সিডনিতে তিনি তার মেয়ে কাজী লুনার বাসায় থাকবেন।”
চীনকে অনুসরণকারী বামপন্থি রাজনীতিক কাজী জাফর বিএনপি হয়ে যোগ দিয়েছিলেন জাতীয় পার্টিতে, এইচ এম এরশাদের সরকারের প্রধানমন্ত্রীও হয়েছিলেন তিনি।
বিএনপিবিহীন ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মতদ্বন্দ্বের এক পর্যায়ে এরশাদ তাকে বহিষ্কার করলেও নিজেকে চেয়ারম্যান ঘোষণা করে আলাদা জাতীয় পার্টি খোলেন কাজী জাফর।
২০ দলীয় জোটের অন্যতম এই নেতা সোমবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসায় যান। মহাসচিব মোস্তফা জামাল হায়দারও তার সঙ্গে ছিলেন।
