২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাসে খালেদার কার্যালয়ে ৯৪৫ জন

খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে অবস্থানের মধ্যে প্রায় তিন মাসে ৯৪৫ জন ভেতরে ঢুকেছিলেন, যাদের তালিকা পুলিশের বিশেষ শাখার (এসবি) কাছে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 12:12 AM

Updated : 25 Apr 2022, 01:13 PM

রোববার এই কার্যালয় থেকে বেরিয়ে আদালতে আত্মসমর্পণ করে দুর্নীতির দুই মামলায় জামিন পান খালেদা জিয়া। আদালত থেকে সরাসরি তিনি গুলশানের বাসায় ফেরেন।

গত ১১ জানুয়ারি থেকে টেবিল চেয়ার আর খাতা নিয়ে বসেছিলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যরা। সোমবার সন্ধ্যায় তারা গুলশান কার্যালয় ছেড়ে যান।

চলে যাওয়ার আগে এসবির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা প্রায় ৮৬ দিন এখানে অবস্থান করেন। এসময় ৯৪৫ জন ভেতরে ঢুকেছিলেন, যাদের তালিকা করা হয়েছে।

প্রায় তিন মাস ধরে চলা এসবি সদস্যদের এই নজরদারিতে নিবন্ধন খাতার সঙ্গে সার্বক্ষণিক একটি ভিডিও ক্যামেরাও ছিল।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এসবি সদস্যরা চলে গেলেও ৩ জন পোষাকধারী পুলিশ সদস্যকে কার্যালয়ের সামনে টহল দিতে দেখা যায়।

পুলিশের এক সদস্য জানান, ওই কার্যালয়ের ভেতরে এখন কয়েকজন নিরাপত্তাকর্মী ছাড়া আর কেউ নেই।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্ত ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে গত ৩ জানুয়ারি গুলশানের ওই কার‌্যালয় থেকে বের হতে বাধা পান বিএনপি চেয়ারপারসন। ৫ জানুয়ারি কর্মসূচিতে বাধা পেয়ে লাগাতর অবরোধ ডেকে সেখানেই অবস্থান নিয়েছিলেন তিনি।