এখন কার্যালয় থেকে আসবে বিএনপির বিবৃতি
গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার আটকে পড়া এবং নয়া পল্টন কার্যালয় তালাবদ্ধ থাকার মধ্যে নিজেদের গোপন রেখে বিএনপি নেতাদের নামে বিবৃতি এলেও সে ধারা থেকে বের হচ্ছে বিএনপি।
খালেদা জিয়ার বাসায় ফেরা এবং নয়া পল্টনের কার্যালয় খুলে দেওয়ার পরদিন সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, এখন থেকে তারাই বিবৃতি-বার্তা পাঠাবেন।
তিন মাস পর রোববার তালা ভেঙে কার্যালয়ে ঢোকেন বিএনপি নেতারা। সোমবার সকালেও কার্যালয়ে দেখা গেছে সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলসহ ২২/২৪ জন নেতা-কর্মীকে।
দপ্তর শাখার কর্মীরা অন্য নেতা-কর্মীদের চা-বিস্কুট নিয়ে আপ্যায়ন করেন। দপ্তরের কম্পিউটার শাখায়ও কাজ চলতে দেখা যায়।
তিন মাস পর বিএনপির কার্যালয়ের কম্পিউটারে দলের চেয়ারপারসনের নামে একটি শোকবার্তা কম্পোজ করে তা গণমাধ্যমে ই-মেইলে পাঠানো হয়। ময়মনসিংহ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুর রহমানের মৃত্যুতে এই শোকবার্তা দেন খালেদা জিয়া।
গত বছর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্দি হওয়ার পর যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে আসছিল বিএনপির বিবৃতি।
রাজনৈতিক উত্তাপের মধ্যে ৩ জানুয়ারি নয়া পল্টন থেকে রিজভীকে পুলিশ তুলে হাসপাতালে নেওয়ার পর তিনি সেখান থেকে বেরিয়ে গোপন স্থানে থেকে বিবৃতি পাঠিয়ে আসছিলেন।
জানুয়ারির শেষ দিকে রিজভী গ্রেপ্তার হওয়ার পর আরেক যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ গোপন স্থানে থেকে বিবৃতি পাঠাতে থাকেন। গত ২০ মার্চ তিনি ‘নিখোঁজ’ হওয়ার পর বিবৃতি আসতে থাকে আরেক যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুর নামে।
অজ্ঞাত স্থানে থেকে বিএনপি নেতার নামে হরতাল প্রত্যাহারের বার্তা দিয়ে গণমাধ্যমে একটি ‘ভুয়া’ বিবৃতি আসার পর তাদের এইসব বিবৃতির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
নয়া পল্টনের কার্যালয়ের ভেতরে নেতা-কর্মীরা থাকলেও বাইরে ১০/১৪ জনের পুলিশ এবং একটি জলকামানের গাড়ি দেখা গেছে।
পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় থাকা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কক্ষটি সোমবার পরিচ্ছন্ন করা হয়। অন্য কক্ষগুলোতে জমে থাকা ধুলাও পরিষ্কার করতে দেখা গেছে কর্মীদের।
বিএনপি কার্যালয়ের কর্মী মো. আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন মাসে অনেক ধুলাবালি জমেছিল। পরিষ্কার করতে কঠিন পরিশ্রম করতে হয়েছে।”
বন্ধ থাকার কারণে নয়া পল্টনের কার্যালয়ের কর্মচারীরা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। এই কার্যালয়ে ১৪ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। প্রতি মাসে তাদের বেতন বাবদ আড়াই লাখ টাকা ব্যয় হয় বলে বিএনপি নেতারা জানান।
প্রবীণ একজন অফিসকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম অবরুদ্ধ হয়ে ছিলেন। ভারপ্রাপ্ত মহাসচিব কারাগারে। কেন্দ্রীয় অফিস তিন মাস বন্ধ হয়ে আছে। আমরা বেতন পাচ্ছি না। এক অসহনীয় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি।”
আবদুল লতিফ জনি বলেন, “নেতা-কর্মীরা আস্তে আস্তে আসতে শুরু করলেও নিচে পুলিশ ও জলকামানের গাড়ি দেখে আতঙ্কের মধ্যে রয়েছে।”
রোববার কার্যালয়ের সামনে থেকে চার কর্মীকে পুলিশ ধরে নিয়ে যায় বলে জানান তিনি। কর্মীদের হয়রানি না করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির এই নেতা।
খালেদা জিয়া নয়া পল্টনে আসছেন কি না- জানতে চাইলে লতিফ জনি বলেন, “সেটা তো ম্যাডামের সিদ্ধান্তের ব্যাপার। তবে তার কক্ষটি প্রস্তুত রাখা হয়েছে।”
এদিকে তিন মাস পর খালেদা জিয়া চলে আসার পর গুলশানে তার কার্যালয় সোমবার ফাঁকা থাকলেও বাইরে পুলিশ সোমবার বিকাল পর্যন্ত ছিল আগের কয়েক দিনের মতোই।
তবে সন্ধ্যায় পুলিশ সদস্যদের চলে যেতে দেখা যায়।
ওই কার্যালয়ের ভেতরে কয়েকজন কর্মচারী ও পাহারাদার ছাড়া আর কেউ নেই।
