গাজীপুর সিটি মেয়র মান্নান ফের রিমান্ডে
গাড়িতে অগ্নিসংযোগের মামলায় গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য আবার এক দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রেহেনা আক্তার পুলিশের আবেদনে সোমবার এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী শহিদুজ্জামান জানান, গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে কালিয়াকৈর থানার একটি মামলায় মেয়র মান্নানকে সোমবার দুপুরে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
“পরে শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
গত ১৫ জানুয়ারি ভোররাতে কালিয়াকৈর উপজেলার বটতলা মহিষবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ওই বাসে চালকের সহকারী তোফাজ্জাল ঘুমিয়ে ছিলেন। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মেয়র মান্নানকে হুকুমের আসামি করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা করে।
এছাড়া বিএনপি নেতা মান্নানের বিরুদ্ধে নাশকতায় ইন্ধন ও উসকানির অভিযোগে গাজীপুরের বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় জামিনে রয়েছেন তিনি।
গাজীপুর সদর উপজেলায় বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় একটি মামলার আসামি হিসেবে গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার বারিধারার বাসভবন থেকে মান্নানকে গ্রেপ্তার করে গাজীপুর পুলিশ। ৪ ফেব্রুয়ারি রাতে ওই পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলাটি করা হয়েছিল।
জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা জানান, এর আগে জয়দেবপুর থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের একটি মামলায় আদালতের অনুমতি নিয়ে গত ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি পুলিশ হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
