খালেদাকে ধন্যবাদ রওশনের
‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে’ আদালতে হাজির হওয়ায় সাবেক বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সংসদে বর্তমান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
বিএনপি চেয়ারপারসন রোববার কার্যালয় থেকে বেরিয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়ে বাসায় ফেরার পর বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধন্যবাদের কথা জানানো হয়।
বিবৃতিতে রওশন বলেন, “বিএনপি চেয়ারপারসন আদালত থেকে জামিন নিয়ে নিজ বাসভবনে যাওয়ায় যে রাজনৈতিক স্থিতিশীলতার সুবাতাস বইছে, তা জনগণ প্রত্যাশা করে।”
বিএনপিবিহীন দশম সংসদে বিরোধী দলের চেয়ারে বসেছেন রওশন। এই চেয়ারে দুই মেয়াদে ছিলেন খালেদা জিয়া।
সরকাবিরোধী আন্দোলনে নেমে তিন মাস ধরে কার্যালয়ে অবস্থান করছিলেন বিএনপি চেয়ারপারসন, যার ইতি ঘটেছে রোববার।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতাদের অংশগ্রহণের মধ্যে কার্যালয় ছাড়লেন খালেদা।
রওশন বলেন, “সম্প্রতি দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা কমে আসার পাশাপাশি সিটি করপোরেশন নির্বাচনে সকল দলের অংশ গ্রহণের সিদ্ধান্ত ইতিবাচক রাজনীতির সৃষ্টি হয়েছে, আর তা ধরে রাখার দায়িত্ব প্রত্যেক দলের। ”
বিরোধীদলীয় নেতা বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।
