ববিতে বিভক্ত জাতীয় পার্টি
সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে দল সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল এবং ‘স্বতন্ত্র’ প্রার্থী হাজ্জাজ বিন মুসা (ববি হাজ্জাজ) এর পক্ষে কাজ করা নিয়ে বিভক্তি দেখা দিয়েছে জাতীয় পার্টির মধ্যে।
দলটির সর্বোচ্চ ফোরাম সভাপতিমণ্ডলী বাবুলের পক্ষে থাকলেও কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ মাঝারি পর্যায়ের নেতাদের বড় একটি অংশ বহিষ্কৃত ববি হাজ্জাজের পক্ষে কাজ করছেন বলে অনুসন্ধানে জানা যায়।
তবে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীর দাবি, যারা ববির পক্ষে কাজ করছেন তারা জাতীয় পার্টির কেউ নন।
গত ৮ মার্চ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী হিসেবে যথাক্রমে বাহাউদ্দিন আহমেদ বাবুল এবং সাইফুদ্দিন আহমেদ মিলনের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এর ১৩ দিন পর অনেকটা আকস্মিকভাবেই এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা করেন এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ। একদিন পরই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টি থেকে তাকে অব্যাহতি দেন এরশাদ।
বহুল আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বড় ছেলে ববি ২০১৩ সালে জাতীয় পার্টি রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি উইং (জেপিআরএসডব্লিউ) এর প্রধান নির্বাহী এবং পার্টি চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা হিসেবে জাতীয় পার্টিতে যুক্ত হন।
৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাতীয় পার্টিতে বিভক্তির পর এবার সিটি নির্বাচনেও তার রেশ দেখা যাচ্ছে। নির্বাচনের পর থেকেই কোনঠাসা ছিলেন ববি এবং নির্বাচন বর্জনের সমর্থকরা। এখন তারা ববির পক্ষে নেমেছেন।
জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি নাজিমউদ্দিন ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রার্থী একজনই- ববি হাজ্জাজ। তিনি ভদ্রলোক এবং উচ্চ শিক্ষিত। তাকে আমরা পছন্দ করি। তার জন্যই কাজ করছি।”
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরীও একভাবে ববির পক্ষে কাজ করাকে সমর্থন করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা তো জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচন।এখানে যেমন দল নেই, তেমনি প্রতীকেরও কোনো বিষয় নেই। এখানে যে কেউ যে কোনো প্রার্থীকে যোগ্য মনে করলে তার পক্ষে কাজ করতেই পারেন। আমি তো এতে কোনো সমস্যা দেখি না।”
এর বিরোধিতা করে ফয়সল চিশতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দল থেকে তাদের প্রার্থী ঘোষণা করেছে, সেখানে এটা কিভাবে নির্দলীয় নির্বাচন হয়?”
ববির পক্ষে জাতীয় পার্টির অনেক নেতার কাজ করার বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, “আমার যদ্দুর জানি, যারা তার পক্ষে কাজ করছে, তাদের সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই।”
যারা ববির পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় চেয়ারম্যানকে জানাবেন বলে জানান দলের সভাপতিমণ্ডলীর সদস্য চিশতী।
