দক্ষিণে বিএনপির প্রার্থী আব্বাস
সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী আব্বাস পাচ্ছেন বিএনপির সমর্থন। তবে উত্তরের বিষয়ে অপেক্ষায় থাকতে হবে রোববার পর্যন্ত।
শনিবার রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর বিএনপিপন্থি পেশাজীবী নেতা অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এ কথা জানান।
তিনি বলেন, “আমরা একটি আর্দশ ঢাকা চাই। ঢাকা দক্ষিণে মির্জা আব্বাসকে বিএনপি সমর্থন চূড়ান্ত করেছে। উত্তরের বিষয়টি অর্থাৎ আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতার বাতিলের বিষয়টি কাল উচ্চ আদালতের সিদ্ধান্ত জানার পর এ বিষয়ে বিএনপি কাকে সমর্থন দেবে তা ঠিক করবে।”
২৮ এপ্রিল অনুষ্ঠেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোয়নপত্র দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিন্টু।
তবে মনোনয়নপত্রে সমর্থক হিসেবে স্বাক্ষরকারী আব্দুর রাজ্জাক ঢাকা সিটি করপোরেশনের ভোটার না হওয়ায় মিন্টুর প্রার্থিতার আবেদন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা শাহ আলম।
ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিধি অনুযায়ী ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন বিএনপি নেতা। বিভাগীয় কমিশনারই ঢাকা সিটি নির্বাচনের আপিল কর্তৃপক্ষ।
মিন্টুকে না পেলে দল কাকে সমর্থন দেবে তা জানতে চাইলে এমাজউদ্দীন আহমদ বলেন, “মিন্টু সাহেব ছাড়াও আরও যোগ্য প্রার্থী রয়েছে। কালই এ বিষয়ে সিদ্ধান্ত জানবেন।”
এর আগে সন্ধ্যা ৭টার দিকে শত নাগরিক কমিটির প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কার্যালয়ে ঢোকে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া ও চিত্র পরিচালক শামস আল আমিন।
প্রায় এক ঘণ্টা বৈঠকের পর কার্যালয় থেকে বেরিয়ে এমাজউদ্দীন আহমদ বলেন, “ঢাকা উত্তর ও দক্ষিণের নির্বাচনের জন্য আমাদের এবারের স্লোগান হচ্ছে- আমরা আদর্শ ঢাকা গড়তে চাই। একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ঢাকা দেখতে চাই। এটা এখন সকলের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। ঢাকার মানুষ এই নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করবে বলে আমরা প্রত্যাশা করছি।’’
