২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকি ভোটে, ভিন্ন কথা তার জোটের

গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও এই নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে তার রাজনৈতিক জোট গণতান্ত্রিক বাম মোর্চা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 05:48 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শনিবার বাম মোর্চার এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক মোশরেফা মিশু বলেন, এই নির্বাচন বর্তমান ‘রাজনৈতিক সঙ্কটকে ঘনীভূত’ করবে বলে তারা এতে অংশ নিচ্ছেন না।

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি জোটের আন্দোলনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হতে যাচ্ছে আগামী ২৮ এপ্রিল।

বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাসহ কয়েকজন ইতোমধ্যে সিটি নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাম মোর্চাভুক্ত দল গণসংহতি সমিতির প্রধান সমন্বয়ক সাকি ঢাকা উত্তরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাকির দাবি, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

সংবাদ সম্মেলনে গণসংহতির কেন্দ্রীয় নেতা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক আব্দুস সালামকে পাশে রেখে মোশরেফা মিশু বলেন, “সিটি নির্বাচন গণতন্ত্র ও স্থানীয় সরকারকে শক্তিশালী না করে রাজনৈতিক সংকটকে ঘনীভূত করবে।

“পরিস্থিতি বিবেচনায় বাম মোর্চাভুক্ত বেশিরভাগ দল অনির্বাচিত সরকারের বৈধতা সৃষ্টির এ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।”

সাকি এই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জোটের কেউ কেউ আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে। কেউ কেউ নির্বাচনকে আন্দোলনের অংশ মনে করছে। আমরা আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছি।”

Image
বুধবার রাজধানীর মিরপুরে সমাবেশ করতে চাইলে আটক করা হয় গণতান্ত্রিক বাম মোর্চার নেতা জোনায়েদ সাকিকে, পরে তাকে ছেড়ে দেয়া হয়।

বুধবার রাজধানীর মিরপুরে সমাবেশ করতে চাইলে আটক করা হয় গণতান্ত্রিক বাম মোর্চার নেতা জোনায়েদ সাকিকে, পরে তাকে ছেড়ে দেয়া হয়।

৫ জানুয়ারির ভোট বর্জনকারী বিএনপি জোট বর্তমান সরকারকে ‘অবৈধ’ বললেও সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। চলমান অবস্থাকে ‘রাজনৈতিক সঙ্কট’ তারা বললেও তা মানতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ।  

বক্তব্যে মিল থাকলেও বিএনপির সমালোচনা করে শ্রমিক নেতা মোশরেফা মিশু বলেন, “বিএনপির নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার সঙ্গে জনগণের স্বার্থের কোনো সম্পর্ক নেই।

“তারা আন্দোলনের নামে জনবিচ্ছিন্ন সহিংসতার পথে ক্ষমতাকেন্দ্রিক হানাহানিতে লিপ্ত থেকেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলা তাদের লক্ষ্য না।”

সিটি নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়ে মোশরেফা মিশু বলেন, সাত বছর ধরে ঝুলে থাকা ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন এখন আয়োজনের মধ্যে ক্ষমতাসীন দলের দুরভিসন্ধি দেখছেন তিনি।

“নির্বাচন অনুষ্ঠান করতে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নির্দেশনা দিয়েছেন। পুলিশের আইজি এক অনুষ্ঠানে এপ্রিলের মধ্যে নির্বাচন করার দাবি জানান। সেভাবেই নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। এটা প্রমাণ করে যে, নির্বাচন কমিশন সরকারের অঙ্গুলি হেলনে চলে। আর মহাজোট সরকারের দলীয় স্বার্থসিদ্ধির জন্যই এ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে।”

বাংলাদেশে বর্তমানে নিরপেক্ষ নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নেই দাবি করে মোশরেফা মিশু বলেন, “বিরাজমান সহিংসতা ও নিরাপত্তাহীনতার মধ্যে এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-নিপীড়ন অব্যাহত রেখে যেভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তার উদ্দেশ্য যে সরকারদলীয় প্রার্থীদের জিতিয়ে আনা, তা স্পষ্ট।”

রাজধানীর তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তীও ছিলেন।