সরকারের কৌশল বুমেরাং হবে: নোমান
বিএনপি সিটি নির্বাচনে থাকলেও এই সময়ে ভোটের আয়োজন করায় সরকারের উদ্দেশ্যে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
তিনি বলেছেন, বিএনপির আন্দোলনের গতি থামানোর কৌশল হিসেবেই সরকার ঢাকা ও চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করেছে।
শুক্রবার বন্দরনগরীর দেওয়ানহাটে চট্টগ্রাম মহানগর যুবদলের এক কর্মী সভায় নোমান বলেন, “দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনকে স্তিমিত করে ক্ষমতাকে প্রলম্বিত করার কৌশল হিসেবে সরকার সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করেছে। কিন্তু সরকারের এ কৌশল বুমেরাং হয়ে যাবে।”
বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করে ‘চলমান গণ আন্দোলনকে’ আরও বেগবান করবে বলেও তিনি উল্লেখ করেন।
“এ নির্বাচনে জনগণ ভোট দিতে পারলে সরকারের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে ব্যাপক অনাস্থা প্রকাশ করবে। আর সরকার ভোট ডাকাতি করলে বিএনপির চলমান আন্দোলন গণ-অভ্যুত্থানের রূপ ধারণ করবে।”
আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলমের নির্বাচন পরিচালনা কমিটর প্রধানের দায়িত্বে আছেন।
তিনি বলেন, “নির্বাচনী মাঠ সবার জন্য সমান করতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তারা যদি সবার জন্য সমান মাঠ করতে না পারে তবে আমরা বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হব।”
এ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে নাগরিক কমিটির পক্ষে মেয়র প্রার্থী হয়েছেন আ জ ম নাছির উদ্দিন।
ইতোমধ্যে নাছিরের পাশাপাশি গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাঁচটি লিখিত অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন।
নগর যুবদল সভাপতি কাজী বেলালের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুব, জাসাস সভাপতি কাজী আকবর ও নগর বিএনপি নেতা ওয়াহাব কাসেমী।
