২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী ছাড়াই তো সুষ্ঠু নির্বাচন হয়েছে: সুরঞ্জিত

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে মনে করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 05:15 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

এর ব্যাখ্যায় আওয়ামী লীগ সরকার আমলেই সেনাবাহিনী ছাড়া অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়ী হওয়ার কথা তুলে ধরেছেন তিনি।

নির্বাচনে সেনা মোতায়েনে বিএনপির দাবির বিষয়ে তিনি বলেন, “তারা কথা তুলেছেন সেনাবাহিনী নিয়ে আসতে হবে। সেনাবাহিনী কেন নিয়ে আসতে হবে? সেনাবাহিনীর প্রশিক্ষণ কি নির্বাচন পরিচালনা করার?

“সেনাবাহিনী আমরা রাখি আমাদের স্বাধীনতা, স্বার্বভৌমত্বকে সমুন্নত ও অক্ষুণ্ন রাখতে, এটি আমাদের শেষ ভরসা।”

তিনি বলেন, “এর আগে প্রত্যেকটি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সেনাবাহিনী লাগেনি। তারা না থাকলেও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। আইনেরও কোথাও নেই। তাইলে এ দাবি আপনারা কেন নিয়ে আসছেন।

“সামরিক বাহিনীর দাবিতে আমি বললাম- সামরিক বাহিনী যাবে কি যাবে না তা নির্বাচন কমিশন ঠিক করে না, এটি ঠিক করে সরকার।”

উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনীকে ‘যত্রতত্র’ ব্যবহারের বিপক্ষে অবস্থান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, “দেশে-বিদেশে আন্তর্জাতিকভাবে সুনাম বয়ে এনেছে আমাদের সামরিক বাহিনী। সুতরাং যত্রতত্র,  যেখানে সেখানে, কারণে অকারণে এটি ব্যবহার করা যাবে না, এই প্রশিক্ষণও তারা নেয়নি, তাদের প্রশিক্ষণ অনেক উচ্চতর, তারা দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষার জন্য রয়েছে।”

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব বলেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে আওয়ামী লীগ তা মেনে নেবে বলে জানান দলের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

“আমরা সাংবিধানিক রাজনীতি বিশ্বাস করি। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যা স্বাধীন ও নিরপেক্ষ। তারা আইনানুগভাবে সিদ্ধান্ত নিবে এবং তা আমরা মেনে নেব,” বলেন তিনি।

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির যে দাবি বিএনপি নেতারা করছেন সে বিষয়ে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, “‘সমতল ক্রিয়া ভূমি বা লেভেল প্লেয়িং ফিল্ড’ অবশ্যই থাকবে, তবে প্রধান বাধা আপনি নিজে। বিএনপিকে জনগণের কাছে প্রকাশ্য তার অবস্থা তুলে ধরতে হবে, একই সঙ্গে হরতাল-অবরোধ আর নির্বাচন চলতে পারে না, অবরোধ-হরতাল থাকলে ভোটার যাবে কিভাবে, নির্বাচন হবে কিভাবে?”

“অবিলম্বে হরতাল ও অবরোধ বাতিল করে প্রমাণ করতে হবে, জঙ্গিবাদী- নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সরে এসে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে ফেরত এসেছেন”

সিটি করপোরেশন নির্বাচনে সমর্থিত প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগ সর্বোচ্চ শক্তি দিয়ে প্রচারণা চালাবে বলে জানান সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, “নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। আমরা নির্বাচন কমিটি করেছি, আমরা আমাদের সর্বশক্তি দিয় জনগণের কাছে যাব। এ নির্বাচনে ইস্যু হবে পেট্রোল বোমা না শান্তি, ইস্যু হবে ককটেল না জনগণের অধিকার।”

বিএনপি নেতাদের বিচারাধীন মামলা নিয়ে তিনি বলেন “আদালতে যে বিচারাধীন মামলা আছে তা নিয়ে সরকারের কিছু করার নেই। গণতান্ত্রিক নির্বাচন করতে গেলে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, আপনাদের যে নেতা খালেদা জিয়া তাকেই দেখাতে হবে।

“কোর্টের ওয়ারেন্ট পড়ে আছে দুই মাসের ওপরে, নিরাপত্তা দিলে যাবে বলছে, উনি তো বাড়িতে আছেন-কে নিরাপত্তা বিঘ্নিত করছে? একদিকে পেট্রোল বোমা মারবেন আবার আইনের শাসনের কথা বলবেন- দুটি তো একসাথে চলে না।

“এ নির্বাচনে যাওয়ার আগে আদালতের কাছে আত্মসমর্পণ করে আইনানুগ ব্যবস্থা ‍নিয়ে আসেন। আপনাকে আইনের শাসনের সুযোগ নিতে গেলে আপনার হাত পরিষ্কার থাকতে হবে।”

নৌকা সমর্থক গোষ্ঠীর চেয়ারম্যান এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলির সদস্য সতিশ চন্দ্র রায় বক্তব্য দেন।