২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়ী ‘অনির্বাচিত’ এই সরকার: বি চৌধুরী

চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে দায়ী করেছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 12:31 AM

Updated : 22 Aug 2022, 11:55 AM

“একটি অনির্বাচিত সরকার মানুষের ঘুম হারাম করে রেখেছে,” রোববার এক আলোচনা সভায় বলেছেন বিএনপির এক সময়ের এই নেতা।

৫ জানুয়ারির নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভঙ্গ করেছেন বলেও অভিযোগ করেন ২০০৭ সালে বাতিল হওয়া নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগ দেওয়া বদরুদ্দোজা চৌধুরী।

“নির্বাচনের আগে তিনি বলেছিলেন, এটি সংবিধান রক্ষার নির্বাচন, দরকার হলে আবার নির্বাচন দেব। এখন সব ভুলে গেছে। তারা বলছে, না, আমরা এসব কিছু বলি নাই। তবে আল্লাহ সাক্ষী আছেন কে কী বলেছে।”

নির্দলীয় সরকারের অধীনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ-হরতালের মধ্যে জাতীয় প্রেসক্লাবে ‘চলমান পরিস্থিতি : উত্তরণে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা।

‘বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি’ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদারও অনুষ্ঠানে বক্তব্য রখেন।

অবরোধ-হরতালে নাশকতার জন্য বিএনপি জোটকে দায়ী করে তাদের সঙ্গে আলোচনার সম্ভাবনা আওয়ামী লীগের নাকচ করার মধ্যে এই আলোচনা সভায় বক্তারা বলেন, সংলাপ না করে সরকারই সঙ্কট দীর্ঘায়িত করছে।

৫ জানুয়ারির ভোটকে ‘ভুয়া নির্বাচন’ আখ্যায়িত করে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা বলেন, “জনগণ তাদের ভোটের অধিকার, মৌলিক ও নাগরিক অধিকার ফিরে পেতে চায়। এমন নির্বাচন চাই, যে নির্বাচনে সব দল অংশ নেবে এবং সব মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।”
জাফরুল্লাহ চৌধুরী বলেন, “তিনিই (শেখ হাসিনা) এ সমস্যার সৃষ্টি করেছেন, তাকেই এর সমাধান করতে হবে।”

রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এমাজউদ্দীন চলমান রাজনৈতিক সঙ্কটকে রাজনৈতিকভাবেই সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

“শাসন করার জন্য যোগ্য হতে হয়। সেই যোগ্যতা অর্জন করতে হলে অনেক বইপুস্তক আছে যা পড়তে হয়। যোগ্যতা ছাড়া দেশ শাসন করা যায় না,” বর্তমান সরকারের দিকে ইঙ্গিত করে বলেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তাহীনতার জন্য সরকারকে দায়ী করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, “সরকার যেভাবে ক্ষমতা দেখাচ্ছে তাতে মনে হচ্ছে তাদের মন্ত্রী-এমপি আর নেতাকর্মী-সমর্থকরা ছাড়া আর কেউ দেশে থাকতে পারবে না, সবাই নিখোঁজ-গুম হয়ে যাবে। জনগণকে এই অহমিকার বিরুদ্ধে জেগে উঠতে হবে।”

গুম-খুন-অপহরণ-নিখোঁজের ঘটনা গোটা দেশের মানুষকে নিরাপত্তাহীন করে তুলছে বলে মন্তব্য করেন তিনি।

“পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতি আমরা সমর্থন করি না। আবার একইসঙ্গে এটাও বলব, নিখোঁজ করে দেওয়ার রাজনীতিও আমরা পছন্দ করি না।”

বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদ অন্তর্ধানের বিষয়ে তিনি বলেন, “সরকারপ্রধান শেখ হাসিনা তার নিখোঁজ হওয়ার ব্যাপারটি অস্বীকার করে বলছেন, খালেদা জিয়া ময়লার বস্তার সঙ্গে তাকে পাচার করে দিচ্ছেন।

“এটা যে কত বেশি অহংকার, অহমিকা আর ক্ষমতার কথা, তা যে কারোরই বোধগম্য। তিনি শুধু ক্ষমতা প্রয়োগ করছেন।”

“দেশের সর্বোচ্চ আদালত তাকে হাজির করতে বলার পরেও তাকে হাজির করা হল না। আদালতের কথারও এখন কোনো দাম নেই।”

হরতাল ‘সফল’ বলে দেরি

এই আলোচনা সভা শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়। অনুষ্ঠানের সভাপতি এমাজউদ্দীন আহমদ ১১টা ৫ মিনিটের মধ্যে অনুষ্ঠানস্থল প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে পৌঁছে গেলে অনুষ্ঠান শুরু হয়ে যায়।

তখনও এসে পৌঁছাননি প্রধান অতিথি বদরুদ্দোজা চৌধুরী। পরে দুপুর ১২টা ৩৬ মিনিটে সভায় এসে পৌঁছান তিনি।

তিনি যখন উপস্থিত হন, তখন বক্তব্য রাখছিলেন সাংবাদিক নেতা আব্দুল হাই শিকদার।

বদরুদ্দোজা চৌধুরী আসন নেওয়ার সময় আব্দুল হাই শিকদার রসিকতা করে বলে উঠেন, “হরতাল এত সফল যে রাস্তায় যানজট লেগে গেছে। যানজটের জন্য স্যারের আসতে দেরি হয়ে গেছে।”

এ সময় সভায় উপস্থিত অনেকেই হেসে ওঠেন।