২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেয়র প্রার্থী ঠিক করবেন শেখ হাসিনা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে ১৪ দলের প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 09:29 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বুধবার বিকালে নগরীর লালদীঘি মাঠে নাশকতা নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দল আয়োজিত পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সমাবেশে কাদের বলেন, “এখনও প্রার্থী ঘোষণা হয়নি। ব্যক্তিগত মতামত থাকতে পারে। শেখ হাসিনা প্রার্থী ঘোষণা করার আগে মহাজোট বা ১৪ দলের প্রার্থী এখানে নেই।

“প্রধানমন্ত্রীই প্রার্থী ঘোষণা করবেন। প্রার্থী ঘোষণা করা হলে তার পক্ষেই সবাইকে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে।”

প্রার্থিতা নিয়ে কোনো মতানৈক্যে না যেতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মশারির ভেতর মশারি টাঙ্গাবেন না। প্রার্থিতা নিয়ে বলি খেলার মতো যে খেলা হচ্ছে, সেটা বন্ধ করতে হবে।”

প্রার্থিতার ক্ষেত্রে দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে, বলেন কেন্দ্রীয় এই নেতা।

এই সমাবেশের মধ্যেই মনোনয়নপ্রত্যাশী দুজন নগর আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগ নেতা-কর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিলেন। 

গত রোববার বিকালে ১৪ দলের এক সভায় মেয়র পদে প্রার্থী হিসেবে মহিউদ্দিন চৌধুরীর নাম প্রস্তাব করা হয়। তবে মঙ্গলবার নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র প্রার্থী নিয়ে কোনো আলোচনা হয়নি।

বিদেশে থাকা মহিউদ্দিন বুধবারের সমাবেশে অনুপস্থিত ছিলেন। আ জ ম নাছির ছিলেন। দীর্ঘ দিন পর ১৪ দলের সমাবেশে দেখা গেছে মেয়র পদে ‍আরেক মনোনয়নপ্রত্যাশী নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামকে।

সমাবেশে পাল্টাপাল্টি শ্লোগানের এক পর্যায়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটে।

ওবায়দুল কাদের বক্তব্যে যখন দলীয় শৃঙ্খলা অনুসরণের আহ্বান ‍জানাচ্ছিলেন, তখনই ছাত্রলীগের দুই পক্ষের একাংশের হামলার শিকার হন সংবাদকর্মীরা।

এসময় ওবায়দুল কাদের ছাত্রলীগ নেতা-কর্মীদের স্লোগান না দিতে এবং দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

মন্ত্রী এসময় বিস্ময় প্রকাশ করে বলেন, “সাংবাদিকদের সঙ্গে গণ্ডগোল করছে কেন?”

পরে এ হামলার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেন তিনি।

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বক্তব্য রাখেন পাবর্ত্য মন্ত্রণালয় বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মীর্জা আজম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম, ওর্য়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য কামরূল আহসান, গণতন্ত্রী পার্টির অশোক ধর, সাম্যবাদী দলের অনিন্দ্য বড়ুয়া প্রমুখ।