মহিলা দলের ছয় নেত্রী আটক
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যাওয়ার পথে মহিলা দলের ছয় নেত্রীকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- সাবেক সাংসদ লায়লা বেগম, নার্গিস আলী, মহিলা দলের নেত্রী নীলুফার ইয়াসমীন নীলু, রোকেয়া সুলতানা তামান্না ও ঝর্ণা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান, বৃহস্পতিবার বেলা ২টার আগে আগে গুলশান ২ নম্বর সেকশনের ৮৬ নম্বর সড়কের মোড়ে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের কাছে মহিলা দলের নেত্রীদের আটকায় পুলিশ।
তারা পুলিশকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তারা কিছু খাবার নিয়ে এসেছেন। কার্যালয়ের ফটকে খাবার পৌঁছে দিয়েই তারা চলে যাবেন।
কিন্তু পুলিশ এ সময় তাদের একটি গাড়িতে তুলে গুলশান থানায় নিয়ে যায়। মহিলা দলের নেত্রীদের সঙ্গে থাকা কর্মীরা এ সময় দ্রুত সরে পড়েন।
গুলশান পুলিশের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা ১২-১৪ জন মিলে মিছিল করার চেষ্টা করছিলেন। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
গত ৩ জানুয়ারি থেকে খালেদা জিয়া তার এই কার্যালয়ে অবস্থান করছেন। ৫ জানুয়ারি সেখান থেকেই তিনি সারা দেশে লাগাতার অবরোধের ঘোষণা দেন।
বিএনপি নেতাদের অভিযোগ, গত আড়াই সাপ্তাহ ধরে এই কার্যালয়ে পুলিশ কোনো নেতা-কর্মীকে প্রবেশ করতে দিচ্ছে না। কেউ খাবার নিয়ে এলেও ফিরিয়ে দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫৩৫ ঘ.
