‘খালেদা হরতালের বারটা বাজিয়েছেন’
বিএনপির ‘জনসমর্থনহীন’ লাগাতার হরতালের কারণে দাবি আদায়ের অন্যতম এই কর্মসূচি ভবিষ্যতে আর কাজে আসবে না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “খালেদা জিয়া হরতালের বারটা বাজিয়েছেন। ভবিষ্যতে মনে হয় আমাদের অন্য কোনো কর্মসূচির কথা ভাবতে হবে।
“নিজে (খালেদা জিয়া) হরতাল ডেকে নিজের অফিসে তালা মেরে বসে আছেন। আর হরতালে রাজধানীতে সড়কে ট্রাফিক জ্যামের কারণে চলাচল করা যাচ্ছে না। এমন হরতাল তো কখনো দেখিনি। এটা হলো মানুষ পোড়ানোর আন্দোলন।”
মোশাররফ বলেন, “যা অবস্থা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে, পীর ফকির ডেকে দোয়া করাতে হবে যেন নাশকতাকারীদের শুভবুদ্ধির উদয় হয়। গণতন্ত্রের নামে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনদিনই গ্রহণযোগ্য নয়।”
এ সময় তিনি রসিকতা করে বলেন, “একটা বড় দল হরতাল ডেকেছে, কিন্তু একটা নেতাকর্মী রাস্তায় নেই। বরং তাদের প্রতিহত করতে গিয়ে দেখা যাচ্ছে রাস্তা আমাদেরই (আওয়ামী লীগ) দখলে। হরতাল ডাকে তারা, আর রাস্তায় থাকি আমরা, এ কোন তালে পড়লাম।”
পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তার বক্তব্যে রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপির নাশকতার সমালোচনা করেন।
তিনি বলেন, “এ এক অদ্ভুত আন্দোলন চলছে। আন্দোলন আহ্বানকারীরা কেউ রাস্তায় নেই, কিছু সন্ত্রাসীকে রাস্তায় নামানো হয়েছে তারা মানুষকে পুড়িয়ে মারছে। আর যারা আন্দোলন ডেকেছেন তারা সবাই নিভৃতে রয়েছেন।”
“মানুষ পুড়িয়ে মেরে কোন আন্দোলন হচ্ছে বা জনগণের কোন অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, তা আমার ধারণায় আসে না।”
এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদও আসাদুজ্জামান নূরের সঙ্গে একমত পোষণ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান প্রমুখ।
