২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা তুলে ধরে আওয়ামী লীগের প্রামাণ্যচিত্র

বিএনপি জোটের হরতাল-অবরোধে চলা নাশকতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে প্রামাণ্যচিত্র তৈরি করেছে আওয়ামী লীগ, যা মঙ্গলবার একটি অনুষ্ঠানে দেখানো হবে।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 05:39 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সদস্য এবং আহতরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি জোটের ডাকে গত ৫ জানুয়ারি থেকে টানা অবরোধে নাশকতায় এই পর্যন্ত ৮০ জনের বেশি মানুষ মারা গেছেন। এদের বেশিরভাগের মৃত্যু হয়েছে গাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের কারণে।

রজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা বন্ধ এবং এর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাদুঘরে আয়োজিত ওই অনুষ্ঠানে আলোচনা সভা এবং স্থিরচিত্র প্রদর্শনীও হবে বলে আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকায় কর্মরত সব দেশের কূটনীতিক এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও ব্যবসায়ী, লেখক, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলীসহ পেশাজীবীরাও থাকবেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান হোসেন তৌফিক ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই সহিংসতার ওপর নির্মিত প্রামাণ্যচিত্রটি দেখানো হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।