নৈরাজ্যের বিরুদ্ধে ১৪ দলের কর্মসূচি গণমিছিল
বিএনপি জোটের চলমান হরতাল-অবরোধে নাশকতার প্রতিবাদে আগামী ২০ ফেব্রুয়ারি সারাদেশে গণমিছিল করবে ক্ষমতাসীন ১৪ দল।
রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জোটের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ঢাকায় ২০ ফেব্রুয়ারি বিকালে বঙ্গবন্ধু এভিনিউ থেকে গণমিছিল শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে। সেখানে শিখা চিরন্তনে শপথ বাক্য পাঠ করা হবে। একই সময়ে সব জেলা-উপজেলায় হবে গণমিছিল।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে এক মাসের বেশি সময় ধরে ২০ দলের হরতাল-অবরোধে নাশকতায় ৮০ জনের বেশি মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে নতুন কর্মসূচি দিল ১৪ দল।
সারাদেশের কোথাও হরতাল-অবরোধ হচ্ছে না দাবি করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “কোথায় অবরোধ? কোথায় হরতাল? জনগণ এখন এসবকে তামাশা মনে করছে।
“সারাদেশে ব্যবসায়ীরা দোকান খুলছে, ট্রাকচালক ট্রাক চালাচ্ছে, সব চলছে। সারাদেশের সব কিছু স্বাভাবিক। হরতালের সঙ্গে এখন জনগণের কোনো সম্পর্ক নেই।”
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়ার আন্দোলন ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’।
“এর সঙ্গে পাকিস্তান সরাসরি জড়িত।পাকিস্তান দূতাবাসের একজন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। আজও পাকিস্তান এয়ারলাইন্সের ক্রুদের কাছে ভারতীয় মুদ্রা পাওয়া গেছে। পাকিস্তান পুরোপুরিভাবে এ আন্দোলনে সহযোগিতা করছে। এর কারণ, একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়া।”
বাংলাদেশের চলমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের উদ্বেগের বিষয়ে মন্ত্রী তোফায়েল বলেন, “জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিদেশিরা বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, আমাদের নিয়ে নয়। আমিও তো উদ্বিগ্ন, শিশুরা উদ্বিগ্ন, সবাই উদ্বিগ্ন।
“বিএনপি আন্দোলনের নামে যা করছে, তা সন্ত্রাস। এটা নাশকতা, জঙ্গি তৎপরতা। এদের সঙ্গে কেউ কখনও আপস করেনি। যদি আপস করত, তাহলে বুশ লাদেনের সঙ্গে কথা বলত। যুক্তরাষ্ট্র আইএসের সঙ্গে কথা বলত।”
বিএনপি জোটের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে সংবাদ সম্মেলনে জাসদ সভাপতি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “দানবের জায়গা সংলাপের টেবিলে নয়। আদালতের বারান্দা ও কারাগার।”
পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে তোফায়েলও দাবি করেন।
৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে কি না- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওই সিদ্ধান্ত সঠিকই ছিল।
“৫ তারিখে বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সঠিক। কেননা, ওই দিন খালেদা জিয়া নয়াপল্টনে অবস্থান নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তাই আমাদের সিদ্ধান্ত সঠিক।”
এই প্রসঙ্গে নাসিম বলেন, “৫ তারিখ জনসভা করতে দিলে হেফাজতের মতো তিনি (খালেদা জিয়া) নেতাকর্মীদের নিয়ে বসে পড়তেন।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, গণমিছিলের আগে ১৪ দল ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে মতবিনিময় সভা করবে। ২৩ ফেব্রুয়ারি রাজশাহীর কাটাখালীতে সমাবেশ হবে।
১৪ দলের এই বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
