নাশকতাকারীদের খুঁজতে কমিটি চান বদরুদ্দোজা
পেট্রোল বোমা হামলার জন্য দায়ীদের খুঁজে বের করতে প্রধান বিচারপতির কাছে একটি কমিটি গঠনের দাবি জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বলেন, “আমি পেট্রোল বোমার বিরুদ্ধে। কিন্তু এ বোমা কে মারে এটা খুঁজে বের করতে হবে।”
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়ে মারা গেছেন অর্ধশতাধিক। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পেট্রোল বোমা হামলার জন্য সরকার বিএনপি জোটকে দায়ী করলেও তা অস্বীকার করে আসছে তারা।
পেট্রোল বোমা হামলায় জড়িতদের বিরুদ্ধে নিজের অবস্থান প্রকাশ করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, “প্রধান বিচারপতি আপনি একটি কমিটি করে দেন। এদের (হামলাকারীদের) খোঁজ করার জন্য, কারা বোমা মারে? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। এটার কারণও খুঁজে বের করতে হবে। এ হত্যাকাণ্ডের আসল ব্যাপার কী?”
“বর্তমানে সাত লাখ মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কিছু দিন পরে যদি ১৪ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়। তাহলে দেশে শতকরা একজন করে মামলার আসামি হবেন। তখন বিশ্ব রেকর্ড হয়ে যাবে।”
প্রধানমন্ত্রীকে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সংকট নিরসনের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনি হচ্ছেন দেশ পরিচালনায় একমাত্র জ্যেষ্ঠ নেতা। আপনাকেই বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে হবে, বসতে হবে। দিস ইজ অনলি সলিউশন। দেশকে রক্ষা করতে হবে।”
দশম নির্বাচনের আগে সংলাপের উদ্যোগ নিয়ে তৎকালীন বিরোধীদলীয় প্রধান খালেদা জিয়াকে টেলিফোনে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে তাতে সাড়া দেননি বিএনপি চেয়ারপারসন।
ওই সিদ্ধান্তকে খালেদার ‘রাজনৈতিক ভুল’ অভিহিত করেন বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, “তবে দেশকে বাঁচাতে হলে খালেদাকে আরেকবার টেলিফোন করতে প্রধানমন্ত্রীর বাধা নেই। দেশকে, দেশের অর্থনীতিকে বাঁচাতে প্রধানমন্ত্রীকেই এগিয়ে আসতে হবে।”
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “জাতীয় সংকটের বিষয়ে প্রধানমন্ত্রী জানেন না এটা মনে করার কোনো কারণ নেই। উনি কোয়ালিফাইড। ইচ্ছা করলে পারেন। বুঝতে পারেন। সমাধান করতে পারেন। আর প্রধানমন্ত্রী ইচ্ছা করলে তিন মাসের মধ্যে সমাধান করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো সমস্যার সমাধান চান কিনা।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ‘চলমান রাজনৈতিক সংকট- উত্তরণের উপায়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার মুস্তাহিদুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সভাপতি এম খালেদ আহমেদ প্রমুখ সভায় বক্তব্য দেন।
