মেয়র মান্নান কাশিমপুর কারাগারে
পেট্রোল বোমায় যাসযাত্রী দগ্ধ করার মামলায় গ্রেপ্তর গাজীপুর সিটি করপোরেশন মেয়র এমএ মান্নানকে কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়েছে।
হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান জানান, বিকাল ৫টার দিকে মেয়র এমএ মান্নানকে গাজীপুর আদালত থেকে এ কারাগারে আনা হয়।
বুধবার বিকালে ঢাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার গাজীপুরের একটি আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দেয়।
আসামিপক্ষের আইনজীবী মো. শহিদ উজ্জামান জানান, বাসে পেট্রোল বোমা হামলার মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে গাজীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠায় পুলিশ।
ওই সময় তারা (আসামিপক্ষ) রিমান্ড আবেদন বাতিল এবং জামিনের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক মনোয়ারা বেগম দুইদিন জিজ্ঞাসাবাদ (রিমান্ড) এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জয়দেবপুর থানার ওসি খন্দকার মো. রেজাউল হাসান রেজা জানান, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুর পুলিশ লাইনের পশ্চিমে এবং গাজীপুর পল্লীবিদ্যুৎ কার্যালয়ের পূর্বদিকে ঢাকা-গাজীপুর সড়কে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা হয়।
এতে ওই বাসের ৫ যাত্রী দগ্ধ হয় ও বাসটির কিছু অংশ পুড়ে যায়।
ওসি বলেন, পরদিন পুলিশ বাদী হয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এমএ মান্নাককে হুকুমের আসামি করে ৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ১০/২০ জনকে আসামি করে এসআই রেজাউল করিম মামলাটি দায়ের করেন।
বুধবার বিকালে ঢাকার বারিধারার ডিওএইচএস এর নিজ বাসা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
