পরিবেশ সংলাপের অনুকূলে নয়: কাদের
চলমান পরিস্থিতিতে আলোচনা না হওয়ার জন্য সংলাপ প্রত্যাশী বিএনপিকেই দায়ী করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, “এখন আমাদের মধ্যে যে অবস্থা, এ অবস্থায় ডায়লগ করার মতো পরিবেশ কি আছে?
“আপনার সন্তান মারা গেল, আপনি শোকে কাতর। আমি দেখতে গেলাম, শোক জানাতে। সে সুযোগটাও কাজে লাগানো গেল না। সেদিন প্রধানমন্ত্রীর জন্য দরজা বন্ধ করা হয়নি, সংলাপের জন্য দরজা বন্ধ করা হয়েছে।”
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে অবরোধ চালিয়ে যাওয়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দল সংলাপের আহ্বান জানিয়ে আসছে।
তবে বিরোধী জোটের আন্দোলনে নাশকতার দিকে ইঙ্গিত করে তাদের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছে সরকার।
সংলাপের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারেও এ নিয়ে আলোচনা হয়নি, দলেও আলোচনা হয়নি।
“আমাদের ওয়ার্কিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত, এই মুহূর্তে পরিস্থিতি সংলাপের অনুকূলে নয়। আমি তো ভিন্ন কোনো মন্তব্য করতে পারি না।”
তবে চলমান অবস্থার জট খোলার সুযোগ যে কোনও সময় আসতে পারে বলে আশাবাদী এই মন্ত্রী।
ফাইল ছবি
“আমার মনে হয়, ছোট ছোট ব্যাপার থেকে বড় বড় সুযোগ আসতে পারে। আমাদের দেশে ঝড় আসে, ঝঞ্জা আসে, অন্ধকার আসে; আবার চলেও যায়। আমার মনে হয়, অন্ধকারের মধ্যে আলোর ঝলকানি হয়ত কোনো সময় দেখা যাবে।”
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনকে সমস্যার একমাত্র সমাধান বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “উনি উনার চিন্তা থেকে বলেছেন। বিরোধী দলে থাকলে আমরাও বলতাম।”
চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের প্রতিক্রিয়ার বিষয়ে তিনি বলেন, “বিদেশিদের উদ্বেগ থাকবেই। কারণ তাদের অনেকে আমাদের এখানে ডোনার, পার্টনার অব ডেভেলপমেন্ট। আন্তর্জাতিক একটা কমিউনিটি আছে, আমরা তো ফোরাম থেকে বিচ্ছিন্ন নই। তাদের উদ্বেগ থাকতে পারে।”
“তবে আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে,” বলেন ক্ষমতাসীন দলের এই নেতা।
