২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্ধনদাতাদের ধরতে হবে: মহিউদ্দিন

চট্টগ্রামে গ্রেপ্তার বোমা হামলাকারীদের কাছ থেকে যেসব ইন্ধনদাতার নাম পাওয়া গেছে, তাদেরও অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বুধবার নগরীর দারুল ফজল মার্কেট প্রাঙ্গণে নগর আওয়ামী লীগ আয়োজিত হরতালবিরোধী সমাবেশে তিনি এ দাবি জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, “গ্রেপ্তার হওয়া বোমা হামলাকারীদের মুখ থেকে যেসব নাশকতার ইন্ধনদাতাদের নাম উঠে এসেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

“তারা যেন আইনের ফাঁক-ফোকর গলে বেরিয়ে যেতে না পারে।”

সম্প্রতি বন্দর নগরীর বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ও হাতবোমাসহ গ্রেপ্তার কয়েকজন নাশকতাকারী ইন্ধনদাতা হিসেবে নগর বিএনপি-যুবদল ও ছাত্রদল নেতাদের নাম বলেছে বলে গণমাধ্যমের খবর।

বুধবার এক বিবৃতিতে নগর বিএনপির শীর্ষ নেতারা দাবি করেছেন, গ্রেপ্তার হওয়াদের ‘নির্যাতন’ করে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাদের নাম বলানো হচ্ছে।

মহিউদ্দিন বলেন, “পেট্রোল বোমা নিক্ষেপকারীদের জনগণ হাতেনাতে পাকড়াও করে গণধোলাই দিচ্ছে। জনগণ এখন ফুঁসে উঠেছে।

“শুধু গণধোলাই নয়, পেট্রোল বোমা নিক্ষেপকারীদের মানুষ পুড়িয়ে হত্যার যন্ত্রণা কেমন সে কষ্ট অনুভবের শিক্ষাও দিতে হবে।“

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, দেবাশীষ গুহ বুলবুল প্রমুখ।