২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকাকে ‘ধন্যবাদ’ হাছানের

নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সাম্প্রতিক মন্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 09:31 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে হাছান বলেন, “সাদেক হোসেন খোকা তার বিবৃতির মাধ্যমে নিজেদের সহিংসতার কথা স্বীকার করেছেন। এজন্য খোকা ভাইকে ধন্যবাদ। এখন খালেদা জিয়া আর সালাউদ্দিন সাহেব কি বলেন সেটার অপেক্ষায় আছি।”

চিকিৎসার জন্য গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা।

সেখানে গত রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কালকেই যদি প্রধানমন্ত্রী সংলাপে আসেন, তাহলেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তবে সেই সংলাপ সরাসরি টিভিতে সম্প্রচার হতে হবে।

“সংলাপের পথ ধরে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম হতে হবে এবং গ্রেপ্তার সব নেতাকর্মীকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। তাহলেই হরতাল-অবরোধসহ যাবতীয় কর্মসূচির অবসান ঘটতে পারে।”

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান বলেন, “দেশের কোথাও সহিংসতার ঘটনা ঘটলেই বিএনপি নেতারা অজ্ঞাত স্থান থেকে বিবৃতি পাঠিয়ে ঘটনার দায় অস্বীকার করেন। তবে খোকার সাম্প্রতিক বক্তব্যে প্রমাণ হয় যে সকল সহিংসতার দায় বিএনপিরই।”

বিএনপি চেয়ারপার্সনকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার সহিংসতায় মানুষের রোষের উত্তাপ বুঝতে পারছেন কি না জানি না।যদি লজ্জা থাকে তাহলে জনগণের কাছে ক্ষমা চেয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনে ফিরে আসুন।”

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী মোজাম্মেল হক বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, জামায়াতেরও অঘোষিত আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রাণার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেত্রী সাহারা খাতুন, মেহের আফরোজ চুমকি ও জোটের অন্যান্য নেতৃবৃন্দ।