২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরের পরাজিত শক্তিই পেট্রোল বোমা মারছে: মোজাম্মেল

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর পুনর্জন্ম লাভ করা একাত্তরের পরাজিত শক্তিই পেট্রোল বোমা মেরে পুড়িয়ে মানুষ হত্যা করছে বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 09:17 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।

২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জন মুক্তিযোদ্ধাকে শহীদ জননী জাহানারা ইমাম সম্মাননা স্মারক প্রদান এবং ‘শহীদ জননীর আন্দোলনের ধারাবাহিকতায় যুদ্ধাপরাধীদের বিচার এবং জামাত-শিবির চক্র নিষিদ্ধকরণ: সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

মোজাম্মেল হক বলেন, “একাত্তরের ঘাতক-দালালরা মুক্তিযুদ্ধের সময়ও বাঙালিকে দাবিয়ে রাখতে পারেনি। বিএনপি-জামায়াতের আড়াল নিয়ে ঘাতকরা যতই নাশকতা করুক, তারা সফল হতে পারবে না।”

অনুষ্ঠানের প্রধান বক্তা সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান বলেন, “মুক্তিযুদ্ধ একটি অবিরাম প্রক্রিয়া। গণমানুষের ‍সার্বিক মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।”

ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম জেলা আহ্বায়ক সীমান্ত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সাবেক মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন।