পরীক্ষা কেন্দ্রে পাহারায় থাকব: সুরঞ্জিত
হরতাল-অবরোধের মধ্যে এসএসসি পরীক্ষা যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য আওয়ামী লীগ কেন্দ্র পাহারায় থাকবে বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, “আমরা ছাত্র সমাজের পক্ষে আছি। আগামী ৪ তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে কেন্দ্র পাহারায় থাকব, যেন শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হতে পারে।”
রোববার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে এবং এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় সংসদ অধিবেশন দুই সপ্তাহের জন্য মুলতবি করে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সুরঞ্জিত।
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল দিয়ে খালেদা জিয়া কার্যত ছাত্রসমাজকে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে করিয়েছেন। তাদের মনোভাব হলো- কীসের পরীক্ষা..পরীক্ষার দরকার নাই। আগে আমাদের দরকার ক্ষমতা।
“পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে যে বিভৎসতা তিনি শুরু করেছেন এটা রাজনীতি নয়, অপরাধ।”
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরুর কথা থাকলেও অবরোধের মধ্যে বিএনপি জোটের ৭২ ঘণ্টা হরতালের কারণে প্রথম দিনের পরীক্ষা পিছিয়ে যায়।
খালেদাকে হঁশিয়ার করে সুরঞ্জিত বলেন, “আপনি কি ভেবেছেন? পেট্রোল বোমা মেরে ক্ষমতায় যেতে পারবেন? গণতন্ত্র ও সন্ত্রাস, গণতন্ত্র ও সহিংসতা একসাথে চলতে পারে না। সংলাপে বসার আগে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। সহিংস আন্দোলন করে লাভ হবে না।”
যে সৌদি আরবকে বিএনপি ‘মিত্র’ মনে করে, সেই সৌদি সরকারও চলমান সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
খালেদাকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, “সর্বশেষ সৌদি আরব পর্যন্ত বলেছে, তারা বাংলাদেশ থেকে শ্রমিক নেবে। এখন দেখেন, আপনি কী ভাবেন, আর সৌদি আরব কী ভাবে। বুঝতে পারছেন তো? আপনাকে বুঝতে হবে।”
নৌকা সমর্থক গোষ্ঠী রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এই আলোচনা সভার আয়োজন করে।
অন্যদের মধ্যে ডিপ্লোমা ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ এনামুল হক, আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, নৌকা সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
