সরকারকে চড়া মূল্য দিতে হবে: খন্দকার মাহবুব
খালেদা জিয়ার বাসায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সরকারকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে মন্তব্য করেছেন তার উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসন।
সোমবার সুপ্রিম কোর্টে সমিতির ব্যানারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ‘রাজনৈতিক প্রতিহিংসার একটি ন্যক্কারজনক ঘটনা’।
“এই ঘটনাকে আমরা তার নিরাপত্তার প্রতি চরম হুমকি বলে মনে করি। বেগম খালেদা জিয়ার নিরাপত্তার প্রতি যে কোনও হুমকি দেশবাসী রুখে দাঁড়াবে এবং এর জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে।”
গত ৩০ জানুয়ারি ভোরের দিকে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যেখানে গত ৩ জানুয়ারি থেকে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন।
প্রায় ২০ ঘণ্টা পর ডেসকোর কয়েকজন কর্মী এসে বিদ্যুৎ সংযোগ দিলে আলো ফেলে ওই কার্যালয়ে।
বিদ্যুৎ ফিরলেও কেবল টিভি ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় খালেদা জিয়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন বলে তার প্রেস সচিব মারুফ কামাল খানের দাবি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের জান-মাল রক্ষায় ‘পুরোপুরি ব্যর্থ’ হয়েছে দাবি করে খন্দকার মাহবুব বলেন, ‘অবৈধ ক্ষমতাকে’ টিকিয়ে রাখার জন্য সরকার প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর ‘নির্ভরশীল’ হয়ে পড়েছে।
কোনও কোনও ক্ষেত্রে ‘বিচার বিভাগকেও দলীয়করণের মাধ্যমে’ ধ্বংসের সীমায় পৌঁছে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
“আইন-শৃঙ্খলা বাহিনী পেশাগত দায়িত্ব পালনের পরিবর্তে দলীয় আনুগত্য প্রদান করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে।”
খন্দকার মাহবুব বলেন, “এই সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার আশঙ্কায় বেসামাল হয়ে পড়েছে। তাই পদত্যাগের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন বলে মনে করি। দেশবাসীর আকাঙ্ক্ষা অনুসারে সুষ্ঠু নির্বাচনই একমাত্র পথ।”
সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় এ সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম মেহেদী, সহ-সম্পাদক নাসরিন আক্তার ও রেজাউল করিম উপস্থিত ছিলেন।
