সংলাপের দাবি বিএনপি সমর্থক পেশাজীবী পরিষদের
দেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংলাপের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি সমর্থক সম্মিলিত পেশাজীবী পরিষদ।
দ্রুত সংলাপের দাবিতে আগামী মঙ্গলবার ঢাকায় মানবন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, “দেশের চলমান এই পরিস্থিতিতে পেশাজীবীরা দারুণভাবে উদ্বিগ্ন। আমরা সম্মিলিত পেশাজীবীরা মনে করি, শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দমন-পীড়ন চালিয়ে এই সমস্যার সমাধান আসবে না। গঠনমূলক সংলাপই এই সংকট সমাধানের একমাত্র পথ।”
গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে লাগাতার অবরোধ চালিয়ে আসা ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়াও এর আগে ‘নির্দলীয়’ সরকারের অধীনে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবিতে সাত দফা প্রস্তাব তুলে ধরে আলোচনার কথা বলেছিলেন। একই ধরনের কথা এসেছে গত নির্বাচন বর্জন করা এ দলটির অন্য নেতাদের মুখ থেকেও।
তবে বিএনপি আন্দোলনের নামে ‘সন্ত্রাসের পথে’ হাঁটছে অভিযোগ করে ক্ষমতাসীন দলের নেতারা বলে আসছেন, যারা অবরোধের মাধ্য সারা দেশে নাশকতা করছে তাদের সঙ্গে সংলাপ চলতে পারে না।
খালেদা জিয়ার ডাকে টানা অবরোধের মধ্যে গত ১৮ দিনে নাশকতা ও সহিংসতায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে, ভাংচুর ও অগ্নি সংযোগের শিকার হয়েছে ছয় শতাধিক যানবাহন।
এ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ ও ইউরোপীয় পার্লামেন্টের পক্ষ থেকে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
বিএনপিপন্থি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সংবাদ সম্মেলনে বলেন, “দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অবিলম্বে সরকারকে সংলাপ শুরু করতে হবে।”
জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের নতুন নির্বাচনের দাবিকে সমর্থন জানিয়ে তিনি বলেন, “৫ জানুয়ারি কোনো স্বাভাবিক নির্বাচন হয়নি। তাই ২০ দলীয় জোটের দাবি কোনো অন্যায় দাবি নয়। দেশের মানুষ নির্বাচন নিয়ে সৃষ্ট চলমান এই রাজনৈতিক সংকট থেকে মুক্তি চায়।”
সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরে ভারপ্রাপ্ত আহ্বায়ক বলেন, “দেশের বর্তমান সংকটকে প্রকৃত রাজনৈতিক সংকট হিসেবে দেখে উভয়পক্ষকে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে রাজনৈতিক সংলাপ সম্ভব হয়। সব দলের অংশগ্রহণমূলক একটি প্রতিনিধিত্বশীল নির্বাচনই বর্তমান সংকট থেকে দেশকে রক্ষা করতে পারে বলে আমরা বিশ্বাস করি।”
পরিষদের দাবিগুলোর মধ্যে- সভা-সমাবেশের ওপর আরোপিত ‘নিষেধাজ্ঞা’ তুলে নেওয়া, পুলিশি ‘দমন-পীড়ন-গ্রেপ্তার’ বন্ধ করে আটকদের মুক্তি দেওয়া, বিএনপির গুলশান কার্যালয় ও নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের’ সুযোগ দেওয়া, গণমাধ্যমকে ‘স্বাধীনভাবে’ কাজ করার সুযোগ ও বন্ধ ‘সব মিডিয়া’ খুলে দেওয়া এবং সব ‘হিংসাত্মক ঘটনা’ অবিলম্বে বন্ধের দাবিও রয়েছে।
রুহুল আমিন গাজী বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যতক্ষণ পর্যন্ত একটি সংলাপ না হবে, ততক্ষণ আমরা পেশাজীবীরা কর্মসূচি চালিয়ে যাব। সোমবার হবে আমাদের মানবন্ধন।”
অবরোধের মধ্যে চলমান নাশকতার প্রসঙ্গে তিনি বলেন, “বাসে বোমা মেরে মানুষ হত্যা আমরা কখনোই সমর্থন করি না। তেমনি যৌথ বাহিনীর অভিযানের নামে নিরাপরাধ মানুষ ও বিরোধী নেতা-কর্মীদের হত্যারও আমরা নিন্দা জানাই। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।”
এক প্রশ্নের জবাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, “বিএনপি ইতোমধ্যে সংলাপের প্রস্তাব দিয়ে রেখেছে। এখন সরকারকেই সংলাপের উদ্যোগ নিতে হবে। বল এখন তাদের কোর্টে।”
অবরোধ কর্মসূচি কবে প্রত্যাহার হবে- এমন প্রশ্নে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, “আমরা পেশাজীবীরা অর্থবহ সংলাপ চাই। অবরোধ কর্মসূচির বিষয়টি বিএনপি ও ২০ দলের বিষয়।”
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের অধ্যাপক আফম ইউসুফ হায়দার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়া, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম এ আজিজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক শরীফ উদ্দিন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকৌশলী হারুনুর রশীদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের রফিকুল ইসলাম বাচ্চু, মোস্তাক রহিম স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মামুন, এবি ওবায়দুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জাকির হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
