হাসিনার কথায় খালেদাকে রাজনীতিছাড়া করার চক্রান্ত: বিএনপি
সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি বলেছে, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে সরকার তাকে গ্রেপ্তারের ‘নতুন চক্রান্ত’ করছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, “সরকার জাতীয়তাবাদী শক্তির প্রধান প্রতিনিধি বেগম খালেদা জিয়াকে টার্গেট করেছে। এটা তাদের শেষ মরণছোবল।”
গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধের মধ্যে চলমান নাশকতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিচারের মুখোমুখি করার ঘোষণা দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেন, অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপারসনকে ‘হুকুমের আসামি’ করা যায়।
এর জবাবে রিজভী বলেন, “প্রধানমন্ত্রী ক্ষমতা আকড়ে রাখতে সবচেয়ে বড় পথের কাঁটা মনে করছেন দেশনেত্রীকে। তাকে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেয়ার জন্যই ধারাবাহিক চক্রান্তের অংশ হিসাবে তাকে (খালেদা জিয়া) গ্রেপ্তারের আরেকটি চক্রান্তের নাটক মঞ্চস্থ করার আয়োজন চলছে। সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে তারই ইংগিত বহন করে।”
প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করে তিনি বলেন, “আগুন নিয়ে খেলবেন না। মহাদুযোর্গ ঘনিয়ে তুলবার চেষ্টা করবেন না। দেশের আন্দোলনরত সকল গণতন্ত্রকামী জাতীয়তাবাদী শক্তি জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে দেশনেত্রীর পাশে থাকবে।”
বিবৃতিতে রিজভী অভিযোগ করেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপি জোটের কর্মীদের ওপর ‘নারকীয় আক্রমণ’ চালাচ্ছে।
“বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী জনগণের কাছে ভয়াল আতংকের প্রতীকে পরিণত হয়েছে। তাদের বলব, যদি নিষ্ঠুর দমন-পীড়ন বন্ধ না করেন, তাহলে আপনাদের পরিণতি সুখকর হবে না।”
অবরোধের পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার হরতালের মধ্যে গ্রেপ্তার স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ সারাদেশে আটক সাড়ে ৭ শতাধিক নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান রিজভী।
