২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের সমাবেশ থেকে খালেদাকে গ্রেপ্তারের দাবি

নাশকতায় প্রাণহানির জন্য অবরোধ আহ্বানকারী খালেদা জিয়াকে দায়ী করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ক্ষমতাসীন ১৪ দলের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 09:26 PM

Updated : 12 Oct 2022, 03:12 PM

বিএনপি নেতৃত্বাধীন ২০ জোটের অবরোধের মধ্যে নাশকতার প্রতিবাদে বুধবার রাজধানীর মিরপুরে সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

বিরোধী জোটের ‘সন্ত্রাস, নৈরাজ্য, বোমা হামলা ও নাশকতার’ প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ হয়।

গত ৫ জানুয়ারি থেকে ২০ দলের অবরোধে নাশকতায় এই পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছেন। এজন্য বিএনপি চেয়ারপারসনকে আসামি করে মামলার কথা ইতোমধ্যে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমাবেশে ১৪ দলের সমন্বয়ক, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, “আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করায় দেশের জনগণ খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। জনগণ চাইলে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। খালেদা জিয়া, আপনার দিন শেষ।”

সমাবেশের সভাপতি স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার বলেন, “বেগম জিয়াকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হোক। মিরপুরবাসীর পক্ষ থেকে সরকারের কাছে তাকে গ্রেপ্তারের দাবি জানাই। খালেদাকে গ্রেপ্তার করা না করা হলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “এত মানুষ মারার পরও কেন এই বিশ্ব মিথ্যাবাদীকে (খালেদা জিয়া) গ্রেপ্তার করা হয় না।”

সমাবেশে সাম্যবাদী দলের সাধারন সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীও বক্তব্য রাখেন।