শেরপুরে আ. লীগের ৬৫ নেতাকর্মী কারাগারে
সম্মেলন নিয়ে বিরোধে দলীয় কার্যালয়ে হামলা-ভাংচুর ও নেতাকর্মীদের আহত করার ঘটনায় দুই মামলায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের ৬৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আদালত পুলিশের উপপরিদর্শক (সিএসআই) আব্দুল আজিজ জানান, রোববার দুপুরে শেরপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক শরীফুল ইসলাম আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক মেফাজ্জল হোসেন চাঁন, যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ ও ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফারুক হোসেন।
এ আদেশ শোনার পর আদালত কক্ষে উপস্থিত আসামিরা এবং আদালতের বাইরে উপস্থিত তাদের সমর্থক দলীয় নেতাকর্মীরা স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
এ সময় আদালতের কাজকর্ম স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঝিইগাতী উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৮ নভেম্বর স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের একটি অংশ দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়কসহ সাত নেতাকর্মী আহত হয়।
এ ঘটনায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি এবং বাংলাদেশ দণ্ডবিধির ৩২৬ ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়।
ওই দুই মামলায় রোববার ৬৫ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
