২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন না হলে পরে বিদেশিদের চাপে বসতে হবে: বি. চৌধুরী

চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সরকারকে দ্রুত সংলাপে বসার তাগাদা দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 05:04 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

সংলাপে না বসলে দেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আর বিলম্ব করলে ‘বিদেশিদের চাপে’ সংলাপে বসতে হতে পারে, যা ‘লজ্জাজনক’ হবে বলেও সরকারকে সতর্ক করেছেন সাবেক এই রাষ্ট্রপতি।

শুক্রবার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বি. চৌধুরী।

তিনি বলেন, “দেশের চলমান সংকট ক্রমাগত প্রকট থেকে প্রকটতর হচ্ছে। এটা রাজনীতির জন্য অশনি সংকেত। এই অবস্থার অবসান করতে হলে আমি বলতে চাই, পথ একটাই। আবারো বলছি, একটাই পথ আছে- সরকারকে আলাপ-আলোচনায় বসতেই হবে, বিরোধী দলের সঙ্গে তাদের কথা বলতেই হবে।

“আমি আগাম বলতে চাই না, নিজেরা আলোচনায় না বসলে বিদেশিদের হস্তক্ষেপে আপনাদের বিরোধী দলের সঙ্গে কথা বলতে হতে পারে। এটা হবে লজ্জাজনক।”

দুপুর ২টার দিকে ইউনাইটেড হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রিয়াজ রহমানকে দেখতে আসেন বি. চৌধুরী। রিয়াজ রহমানের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।

এ সময়ে রিয়াজ রহমানের মেয়ে আমেনা রহমান পাশে ছিলেন।

গত মঙ্গলবার রাতে গুলশান দুই নম্বরের কাছে সন্ত্রাসী হামলায়  রিয়াজ রহমান গুলিবিদ্ধ হওয়ার পর এই হাসপাতালে ভর্তি হন। বুধবার তার ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়।

দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে সাবেক বিএনপি নেতা বি. চৌধুরী বলেন, “যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা এখন সরকারকেই ফেইস করতে হবে। একটা সমাবেশ করতে দিলে কী এমন হতো? বিএনপিকে সমাবেশ করতে না দিয়ে সরকার প্রথম বাস মিস করেছে।

“এরপর ১২ জানুয়ারি নিষেধাজ্ঞার ভেতরে সরকারি দল সমাবেশ করল। ওই সময়ে তারা যদি সমাবেশ না করত তা হলে একটা কথা ছিল। ওই সমাবেশ একা নিজেরা করে দ্বিতীয় বাসটি মিস করেছে সরকার। এভাবে তারা দুই বাস মিস করেছে।”

রিয়াজ রহমানের ওপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান বদরুদ্দোজা চৌধুরী।

দ্রুত রিয়াজ রহমানের সুস্থতা কামনা করে তিনি বলেন, “আমি যখন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন আমার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন রিয়াজ রহমান।

“তার মা ড. আমিনা রহমান জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন। আমার সহকর্মী ছিলেন। তাদের পরিবারের সঙ্গে আমার গভীরভাবে সম্পর্ক রয়েছে। এমন একজন সজ্জন ও ভালো মানুষকে গুলি করা হয়েছে, এটা নিন্দার ভাষা আমার নেই্।’’