২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জোর হরতালেও কাজ হয় নাই, রাস্তায় জ্যাম’

লাগাতার অবরোধের মতো বিএনপির ডাকা হরতালও মানুষ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 03:22 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতালবিরোধী মানববন্ধনে তিনি বলেন, “আজকের হরতাল গরতাল হয়ে গেছে। এখন একটু জোর দিয়ে হরতাল দিছে। কিন্তু তাও কাজ হয় নাই, রাস্তায় জ্যাম।”

দুর্নীতির মামলায় আদালতে ‘যাতে হাজিরা না দিতে হয়’ সেজন্য বিএনপিনেত্রী ‘ছল-চাতুরির আশ্রয় নিচ্ছেন’ বলেও মন্তব্য করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মায়া।

তিনি বলেন, “খালেদা জিয়া আপনি যাই করেন, দড়ি কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। কোর্টে না গেলে কি হবে, আপনি যতই অসুস্থতার কথা বলেন, আপনার বিচার নির্দিষ্ট সময়েই হবে।”

জিয়া এতিমখানা ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় বৃহস্পতিবার শুনানির দিনে খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। পরে খালেদার আইনজীবীরা লিখিতভাবে বিচারের প্রতি অনাস্থা জানান। 

তবে গুলশানের কার্যালয়ে ‘অবরুদ্ধ থাকায়’ খালেদা জিয়া আদালতে যেতে পারেনেনি বলে যে যুক্তি দেখিয়েছেন, তাতে তাকে এদিন ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন বিচারক।

গত ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করার জন্য নিজের কার্যালয় থেকে বের হতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধের ঘোষণা দেন খালেদা জিয়া। অবরোধের শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে।

মায়া বলেন, “পাড়ায়-মহল্লায় শয়তান প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে। বিএনপি-জামায়াতের এই শয়তানদের চিরজীবনের জন্য বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।”

বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে ফোনালাপের কথা বলে খালেদা জিয়া ‘মিথ্যাচার’ করেছেন মন্তব্য করে তাকে ‘বিশ্ব মিথ্যাবাদী’ বলেন মায়া।

“বিজেপির সভাপতি না কি তার খোঁজ-খবর নিয়েছেন। এতো বড় মিথ্যা মানুষ কেমনে বলে? এজন্য বিএনপির কোনো ভবিষ্যত নেই। এইটা কোনো দল না, মানুষকে কষ্ট দেওয়ার বাক্স।”

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মানববন্ধন থেকে খালেদা জিয়ার উদ্দেশে বলেন, “যে আগুন আপনি জ্বালাচ্ছেন, তাতে আপনিই পুড়ে মরবেন। আপনার এই পরিণতি ভাবতেই আমার গা শিউরে ওঠে।”

খালেদা জিয়ার দুর্নীতি মামলা প্রসঙ্গে তিনি বলেন, “আসামি আদালতে না গেলেও মামলা আপন গতিতে চলবে। যতই ছল-চাতুরি করেন, মামলা থেকে রেহাই পাবেন না।”

খালেদার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর নেপথ্যে যারাই থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।