ছোট হল হরতাল
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ডাকা হরতালের সময় কমিয়েছে দলটি।
বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনের আহ্বান জানান।
আগের রাতে তারই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টা সারাদেশে হরতালের ডাক দেওয়া হয়েছিল।
মঙ্গলবার রাতে গুলশানে সাবেক প্রতিমন্ত্রী রিয়াজকে গুলি চালিয়ে তার গাড়ি পুড়িয়ে দেওয়ার পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “চলমান অবরোধের অতিরিক্ত হিসেবে সর্বাত্মক হরতাল পালনের জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকে অবরোধ চলছে দেশজুড়ে, এর মধ্যেই বিভিন্ন জেলায় স্থানীয় বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে হরতালও ডাকছে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলের ডাকা অবরোধ চলছে এক সপ্তাহের বেশি সময় ধরে। অবরোধের মধ্যে বিক্ষিপ্ত বোমাবাজি, গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরের পর ঢাকায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এক অনুষ্ঠানে হাতবোমা বিস্ফোরণের পর রাতে বিএনপি নেতা রিয়াজ রহমানকে গুলি চালিয়ে তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
গত ৫ জানুয়ারি খালেদা জিয়া অবরোধ ডাকার পর থেকে ঢাকায় এই পর্যন্ত অর্ধশত গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নেতাদের দাবি, এই আগুন দিচ্ছে অবরোধকারীরা। অন্যদিকে বিএনপির দাবি, এই নাশকতা সরকার ঘটিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।
