যুক্তরাষ্ট্রে স্মারকলিপি দিতে গিয়ে জেরার মুখে বিএনপি
বাংলাদেশ পরিস্থিতিতে ওয়াশিংটনের হস্তক্ষেপ প্রত্যাশা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে স্মারকলিপি দিতে গিয়ে কংগ্রেস সদস্যদের ভুয়া বিবৃতি নিয়ে জেরার মুখে পড়তে হয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের।
ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তর ও কংগ্রেসে সোমবার ৪৮ পৃষ্ঠার স্মারকলিপি দিতে যান শরাফত হোসেন বাবু এবং জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দল।
তার কয়েকদিন আগেই খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের ৬ কংগ্রেস সদস্যের একটি ভুয়া বিবৃতি এসেছিল, যা তারেক রহমানের এক সহকারী সংবাদ মাধ্যমে পাঠিয়েছিলেন বলে প্রকাশ পেয়েছে।
ওই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে বলে স্বীকার করেন গোলাম ফারুক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কংগ্রেসম্যানদের স্বাক্ষর জালিয়াতির ব্যাপারে স্টেট ডিপার্টমেন্ট এবং ক্যাপিটল হিলের কর্মকর্তারা আমাদেরকে নানা প্রশ্ন করেন।”
এর জবাবে কী বলেছেন, জানতে চাইলে তিনি বলেন, “আমরা ওই জালিয়াতির নিন্দা করে তাদেরকে জানিয়েছি যে, বিএনপির ভাবমূর্তি বিনষ্টের অভিপ্রায়ে সরকারি দল আওয়ামী লীগের লোকজনরা ওই অপকর্ম করেছে। বিএনপি হচ্ছে সাচ্চা একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল, এই দলের কেউ এমন জঘন্য অপকর্ম করতে পারে না।”
পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ ডেস্কের প্রধান গিলবার্ট মর্টন স্মারকলিপিটি গ্রহণ করেন। প্রতিনিধি পরিষদে ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান এড রয়েসের কার্যালয়ে স্মারকলিপি নেন তার ব্যক্তিগত সহকারী।
একইভাবে ইউএস সিনেটে ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান সিনেটর বব কোরকারের কন্সটিটুয়েন্সি সার্ভিস রিপ্রেজেনটেটিভ হেইলি হামফ্রির কাছে বিএনপির স্মারকলিপি দেওয়া হয়।
বিএনপির স্মারকলিপিতে ‘গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনকে তামাশার এক প্রকৃষ্ট উদাহরণ’ হিসেবে অভিহিত করে বলা হয়, বাংলাদেশের শতকরা ৯০ ভাগ মানুষ ওই নির্বাচনে অংশ নেয়নি।
“শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে তার রাজনৈতিক প্রতিপক্ষকে ক্রসফায়ারে দিচ্ছেন অথবা গুম করছেন। বিএনপিসহ বিরোধী দলের ৫০ সহস্রাধিক নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জেলে নেওয়া হয়েছে।”
স্মারকলিপিতে অধিকারসহ কয়েকটি সংগঠনের প্রতিবেদন ছাড়াও বেশ কটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করা হয়েছে।
স্মারকলিপিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের ভুয়া বিবৃতির বিষয়ে কোনো বক্তব্য নেই। এই বিষয়ে বিএনপি নেতারা বলেন, ঢাকা থেকে তৈরি করে বিএনপি নেতা (বর্তমানে কারাবন্দি) শমসের মোবিন চৌধুরী লন্ডনে তারেক রহমানের কাছে এই স্মারকলিপির খসড়া পাঠান।
এরপর লন্ডনে থাকা বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক এটি চূড়ান্ত করে যুক্তরাষ্ট্রে পাঠান বলে শরাফত হোসেন বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
প্রতিনিধি দলের সদস্য নিউ ইয়র্ক বিএনপির একাংশের সভাপতি হাবিবুর রহমান সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করে বিএনপিরই শুধু বারোটা বাজানো হয়নি, প্রবাসের সকল বাংলাদেশির ইমেজকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
“জাহিদ এফ সরকার সাদী এই অপকর্ম করেছে। তাকে যেখানো পাওয়া যাবে সেখানেই প্রবাসীদের রোষানলে পড়তে হবে।”
জাহিদ সাদী বিএনপির বৈদেশিক বিষয়ক দূত এবং খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্রে কাজ করছিলেন ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে তাকে এই নিয়োগ দেওয়া হয়।
জাহিদ সাদী ২০০৯ সাল পর্যন্ত নয় বছরে বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় যুক্তরাষ্ট্রে ২৭ বার গ্রেপ্তার হয়ে প্রতিটি অপকর্মের দোষ স্বীকার করে বিভিন্ন মেয়াদে শাস্তিভোগ করেছেন।
