২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ চাইলে মুচলেকা দিতে হবে: এইচ টি ইমাম

সংলাপের শর্ত হিসেবে বিএনপির কাছ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ছাড়ার লিখিত মুচলেকা চেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 04:43 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

“বিএনপির সঙ্গে আলোচনা বা সংলাপ নয়। আগে তাদের লিখিত দিতে হবে, সন্ত্রাস, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তবেই তাদের সঙ্গে আলোচনা হতে পারে,” বলেছেন তিনি।

সরকার সংলাপ ডাকলে অবরোধ তুলে নেওয়া হবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া জানানোর দুদিনের মধ্যে মঙ্গলবার রাজধানীতে একটি আলোচনা সভায় এই শর্ত দেন এইচ টি ইমাম।

দশম সংসদ নির্বাচন বয়কটের পর নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন চেয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

গত বছরের ৫ জানুয়ারির ওই নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বিএনপি নেতারা ভোট ‘কারচুপির’ প্রমাণ হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইমামের একটি বক্তব্য তুলে ধরে আসছেন।

৫ জানুয়ারির নির্বাচনের বছরপূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচিতে বাধা পেয়ে লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিক্ষিপ্ত ভাংচুর, বোমাবাজি, গাড়ি পোড়ানোর মধ্য দিয়ে সেই কর্মসূচি চলছে। 

বিএনপি দাবি করে এলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইমাম বলেন, মধ্যবর্তী নির্বাচন দেওয়া কিংবা না দেওয়া পুরোপুরি সরকারের ওপর নির্ভর করে।

“এ নিয়ে আলোচনার সুযোগ নেই। তবে সংবিধানের আওতায় থেকে নির্বাচনী আইন ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করা নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে।”

অবরোধে বাসে আগুন দেওয়াসহ নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করে দলটিকে ‘আততায়ী ও দুষ্কতকারীদের দল’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।

“মার্শাল ল এর মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে, তারা অবৈধ। অবৈধ সরকারের হাতে গঠিত হওয়ায় বিএনপিও অবৈধ,” বিএনপি গঠনের ইতিহাস তুলে ধরে বলেন তিনি।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত ‘গণতন্ত্রের অগ্রযাত্রা ও সাফল্যের একবছর’ শীর্ষক এই আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংবাদিক আবেদ খান, অধ্যাপক মেজবাহ কামালও বক্তব্য রাখেন।

পুরনো খবর:

সংলাপ ডাকলে অবরোধ উঠবে: বিএনপি