শমসের মবিন রিমান্ডে
সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি নেতা শমসের মবিন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
শুক্রবার বিকালে পুলিশের আবেদনের শুনানি করে মহানগর হাকিম এমদাদুল হক বিএনপির এই ভাইস চেয়ারম্যানকে হেফাজতে নেওয়ার আদেশ দেন।
শাহবাগ থানার এসআই এ কে এম সাইদুল হক ভুঁইয়া বিকালে শমসের মবিনকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে চান।
সানাউল্লাহ মিয়া ও তাহেরুল ইসলাম তৌহিদসহ বিএনপির কয়েক আইনজীবী পুলিশের রিমান্ড আবেদন বাতিল করে শমসের মবিনের জামিন চান।
উভয় আবেদনের শুনানি করে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশনের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান জানান।
বৃহস্পতিবার রাতে বনানীর বাসা থেকে শমসের মবিনকে আটক করে পুলিশ। এরপর তাকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর বকশীবাজারে বিএনপি ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এর মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা চালিয়ে তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সাংসদ নিজে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
সংঘর্ষের পর রাতে পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় সাংসদকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়, যাতে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৫০/৬০ জনকে আসামি করা হয়।
শমসের মবিন চৌধুরীর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের পর ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।
এর আগে গত বছরের জানুয়ারিতে গুলশানের বাসায় অবরুদ্ধ থাকার সময় খালেদা জিয়ার সঙ্গে বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসন দেখা করে বেরুলে শমসের মবিনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছিল।
