নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৫
বিএনপির ডাকা লাগাতার অবরোধের প্রথম দিন নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দলটির কর্মীরা।
শহরের খানপুর এলাকায় মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই সংঘর্ষের সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে সকালে খানপুর হাসপাতাল রোড এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের হলে পুলিশ বাধা দেয়।
“এ সময় পুলিশ বিএনপিকর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নিতে চাইলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। মিছিলের জন্য জড়ো হওয়া কর্মীদের ঢিলে পাঁচজন আহত হন।”
পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে বিএনপিকর্মীদের সরিয়ে দেয় বলে জানান ওসি।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।
