২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে অবরুদ্ধ করায় সিপিবি-বাসদের নিন্দা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ রাখার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 12:58 AM

Updated : 22 Aug 2022, 11:25 AM

সোমবার রাজধানীর মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “গণতন্ত্র রক্ষার নামে সভা সমাবেশ করতে না দেওয়া, বিএনপি নেত্রীকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা এবং তাদের কেন্দ্রীয় কার্যালয় পুলিশ দিয়ে তালাবদ্ধ করে দেওয়া কোন অবস্থাতেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”

৫ জানুয়ারির নির্বাচনের বছর পূর্তির দিনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সোমবার দেশের অধিকাংশ স্থানে সহিংসতা হয়েছে, যাতে নিহত হয়েছেন চারজন এবং বহু আহত হয়েছেন।

দুই প্রধান রাজনৈতিক দলের এক পক্ষ ‘গণতন্ত্র হত্যা দিবস’ এবং অন্য পক্ষ ‘গণতন্ত্র রক্ষা দিবস’ পালনের কর্মসূচি দেওয়ায় দশম সংসদ নির্বাচনের এক বছর পর পুনরায় সংঘাত পরিস্থিতি তৈরি হয়।

দুই দলেরই সমালোচনা করে সেলিম বলেন, “আমাদের বড় দুই দলের যুদ্ধংদেহী মনোভাব দেখলে মনে হয় গণতন্ত্রের একমাত্র সমস্যা হলো নির্বাচন। কিন্তু মজার ব্যাপার হলো তারা গণতন্ত্রকে তার সামগ্রিকতায় উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তারা গণতন্ত্রকে যে ভোটতন্ত্রে পরিণত করতে চেয়েছিল, জনগণের সেই ভোটের অধিকারও তারা ৫ জানুয়ারি কেড়ে নিয়েছে।”

সংবাদ সম্মেলনে সেলিম দেশবাসীর গণতান্ত্রিক অধিকার রক্ষা ও প্রসারিত করার পাশাপাশি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে অর্থ, পেশি শক্তি, সাম্প্রদায়িকতা ও প্রশাসনিক কারসাজিমুক্ত সবদলের অংশগ্রহণভিত্তিক নির্বাচনের দাবি জানান।

এই দাবি পূরণে দেশের সকল বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন প্রমুখ।