রাজশাহীতে বিএনপিকে অনুমতি, তবে জামায়াত ছাড়া
৫ জানুয়ারির বর্ষপূর্তিতে রাজশাহী মহানগরে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিলেও জোটসঙ্গী জামায়াতে ইসলামীর অংশগ্রহণ না রাখার শর্ত দিয়েছে পুলিশ।
রোববার সন্ধ্যায় মৌখিকভাবে দেওয়ার সমাবেশের অনুমতির সঙ্গে মিছিল না করার শর্তও জুড়ে দেওয়া হয়েছে।
বোয়ালিয়া থানার ওসি খন্দকার নুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, সোমবার সকাল ১১টায় নগরীর ভূবন মোহন পার্কে মহানগর ও রাজশাহী কলেজে জেলা বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
“জামায়াতকে বাদ এবং মিছিল করতে পারবে না- এমন শর্তে অনুমতি দেওয়া হয়েছে ।”
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, সোমবার সকাল ১১টা থেকে সমবেত হওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শান্তিপূর্বভাবে সমাবেশ করা হবে।
জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম শান্ত জানান, একইভাবে ওই সময়ে রাজশাহী কলেজ চত্বরেও জেলার নেতাকর্মীদের জমায়েত হওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও জেলা সভাপতি নাদিম মোস্তাফা।
