মাঠে নামার চেষ্টা করবেন না: বিএনপিকে ১৪ দল
৫ জানুয়ারি রাজধানীর সংসদীয় আসনের প্রতিটিতে সমাবেশের ঘোষণা দিয়ে বিএনপিকে রাজপথে না নামতে হুঁশিয়ার করে দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
আগামী সোমবারের কর্মসূচি নিয়ে শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, “কোনো নাশকতা করবেন না, মাঠে নামার চেষ্টা করবেন না।”
দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে ৫ জানুয়ারি সারাদেশে সমাবেশ-কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।
অন্যদিকে আওয়ামী লীগ সেদিন ‘গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস’ হিসেবে পালন করে রাজপথে থাকার ঘোষণা দেওয়ায় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
১৪ দলের সভা শেষে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ৫ জানুয়ারি ঢাকার ১৬টি সংসদীয় এলাকায় নির্ধারিত স্থানে অবস্থান নিয়ে গণতন্ত্রের ‘বিজয় উৎসব’ করবে ১৪ দলের নেতাকর্মীরা।
আজকালের মধ্যে আলোচনা করে বিস্তারিত কর্মসূচি ঠিক করা হবে বলে জানান এই মন্ত্রী।
‘বিশৃঙ্খলা প্রতিহত করুন’
আগামী ৫ জানুয়ারি বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের প্রতিহত করতে দলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, “এদের (বিএনপি) শক্তি শেষ হলেও তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যারা এইদিন বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে।”
বিএনপি কর্মসূচি দিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে দাবি করেন তিনি। “কিন্তু দেশের জনগণ তাদের সেই সুযোগ দেবে না।”
খালেদা জিয়ার সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, “সংবাদ সম্মেলনের আগে খালেদা জিয়ার হাঁক-ডাক দেখে বিএনপির নেতা-কর্মীরা মনে করেছিল, আজ একটা বোমা ফাটাবেন। কিন্তু তার (খালেদা) বক্তব্যে হতাশা প্রকাশ পেয়েছে।”
খালেদা জিয়ার ‘ভুল নেতৃত্বে’ বিএনপির নেতাকর্মীরা তার প্রতি আস্থা হারাচ্ছেন বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা।
“খালেদা জিয়া বলেছেন, তাকে একটি গোষ্ঠী মাইনাস করতে চায়। আমরা তাকে মাইনাস করতে চাই না। বরং ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তিনি নিজেই নিজেকে মাইনাস করেছেন। এখন আন্দলনের মাঠে অবস্থান করতে না পেরে দেশবাসীর কাছ থেকেও মাইনাস হচ্ছেন।”
