কোনো ‘হারাম রোজগার’ নেই অলি আহমদের
সম্পদের তদন্তে দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া এলডিপি সভাপতি অলি আহমদ দাবি করেছেন, বেআইনিভাবে অর্জিত কোনো সম্পত্তি তার নেই।
“আমি বিশ্বাস করি, কেউ দুর্নীতি করলে তার শাস্তি হওয়া উচিত। আমি আমার জীবনে কখনও হারাম রোজগার করিনি, বাকি জীবনেও করব না।”
বৃহস্পতিবার সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের একথা বলেন সাবেক এই মন্ত্রী।
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীরবিক্রম খেতাব পাওয়া অলি সেনাবাহিনী থেকে অবসর নিয়ে জিয়াউর রহমানের গড়া দল বিএনপিতে যোগ দিয়েছিলেন।
ফাইল ছবি
এক যুগ আগে বিএনপি থেকে বেরিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠন করার পর ২০০৭ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছিলেন তিনি। তবে এখন তিনি আছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে।
চট্টগ্রামের চন্দনাইশের সাবেক সংসদ সদস্য অলির বিরুদ্ধে একটি অভিযোগ পেয়ে গত সেপ্টেম্বর মাসে তার সম্পদ নিয়ে তদন্ত শুরু করে দুদক।
অলি বলেন, “জনৈক এস মিয়া আমার বিরুদ্ধে দুদকে একটি আবেদন করেছেন যে, আমি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছি। পরবর্তী সময়ে দুদক থেকে আমার কাছে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়। আমি গত সেপ্টেম্বরে তা দাখিল করেছি। সেই বিবরণী সম্পর্কিত কিছু তথ্য জানতে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”
বিরোধী দলে থাকার কারণে হয়রানির শিকার হচ্ছেন বলে মনে করছেন কি না- সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অলি বলেন, “কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি বলব, এটা আল্লাহর হুকুম। তিনি আমার ধৈর্য পরীক্ষা করছেন। ইনশাল্লাহ আমি এই পরীক্ষায় পাস করব।”
