আপনাদের বাধা দিইনি, আমাদেরও দেবেন না: জামায়াতকে জাপা
ঢাকায় জাতীয় পার্টির সমাবেশের দিন ডাকা হরতাল প্রত্যাহার করতে জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়েছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
আগামী ১ জানুয়ারি ঢাকায় সমাবেশের কর্মসূচি রয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শরিক জাতীয় পার্টির, যাতে দলের চেয়ারপারসন এইচ এম এরশাদের বক্তব্য দেওয়ার কথা।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়ার পর ওই দিন হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জামায়াত।
হরতাল ডাকার পর মঙ্গলবার রাজধানীর কাকরাইলে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতকে উদ্দেশ্য জাতীয় পার্টির মহাসচিব বাবলু বলেন, “আপনাদের কোনো অনুষ্ঠানে আমরা কখনও বাধা দিইনি। আমাদের প্রোগ্রাম ব্যাহত হয়, এমন কোনো কর্মসূচি আপনারা দেবেন না। হরতাল প্রত্যাহার করুন।”
জিয়াউদ্দিন বাবলু (ফাইল ছবি)
১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য গত দেড়মাস ধরে প্রস্তুতি চলার কথাও জানান বাবলু।
“একটি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিটি দলেরই কর্মসূচি পালনের অধিকার রয়েছে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে ভায়োলেন্সের সংস্কৃতি যায় না। গণতন্ত্র ও সন্ত্রাস, গণতন্ত্র ও অগ্নিসংযোগ একসঙ্গে চলতে পারে না।”
আদালতের রায় মেনে নিতে জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব।
সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী, এম এ হান্নান প্রমুখ।
