শিক্ষক হত্যার দায় খালেদা এড়াতে পারেন না: ইনু
হরতালে ইট মেরে স্কুল শিক্ষক হত্যা ও গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানোর ঘটনায় খালেদা জিয়াকে ‘উস্কানিদাতা’ আখ্যায়িত করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এর দায় বিএনপি নেত্রী এড়াতে পারেন না।
মঙ্গলবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদ নিহতের ঘটনায় যদি ইঞ্জিনিয়ার, ঠিকাদার ও ওয়াসার কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা হতে পরে, তাহলে হরতাল ডেকে ইট মেরে শিক্ষিকা হত্যার ঘটনায় কেন উস্কানিদাতা হিসেবে বেগম খালেদা জিয়া অপরাধী হবেন না।”
সোমবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের মধ্যে নোয়াখালীর মাইজদীতে পিকেটারদের ছোড়া ইটের আঘাতে নিহত হন ঢাকার আগারগাঁওয়ের তওহীদ ল্যারেটরি স্কুলের সহকারী শিক্ষিকা শামসুন্নাহার ঝর্ণা। তার স্বামী আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা শাহজাহান সিরাজও ওই সময় আহত হন।
তার আগের দিন রাজধানীর কাজীপাড়ায় অটোরিকশায় দেওয়া আগুনে দগ্ধ হন বিশ্ববিদ্যালয় ছাত্র তানজিমুল হক অয়নসহ তিনজন।
সেগুনবাগিচায় সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তথ্যমন্ত্রী বলেন, “রাজনৈতিক কারণে অপরাধ সংগঠিত হলে তা অপরাধ হিসেবে ধরতে হবে। শুধু মুখ দেখলে হবে না।”
পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার অনুষ্ঠানে বলেন, ত্রিশ বছরেরও বেশি সময় আমার চাকরির জীবন। এ সময়ে আপনাদের কাছে অনেক কিছু পেয়েছি। কিন্তু মনে হয় কিছুই দিতে পারিনি।”
ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ তার বক্তব্যে শাহজাহানপুরে নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু জিহাদকে উদ্ধারের সময় টেলিভিশনের সাংবাদিকদের ভূমিকার সমালোচনা করেন।
তিনি বলেন, “পশ্চিমা দেশে দেখুন রায়ট বা এ ধরনের ঘটনায় কোনো মিডিয়াকর্মী মাঝখানে থাকে কি-না। আমাদের দেশে কোনো অভিযান করতে গেলেই দেখা যায় মিডিয়াকর্মীরা মাঝে। অথচ ইলেকট্রনিক মিডিয়ার ধারণা আমরা পশ্চিমা দেশগুলো থেকেই পেয়েছি।”
রাজনৈতিক দলগুলোর সহিংসতা প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, “এদেশে অশান্তি সৃষ্টি করা সম্ভব নয়। যারা দুটি বোমা ফাটিয়ে, আগুন জ্বালিয়ে গণতন্ত্র কায়েম করত চান তা সম্ভব নয়।”
অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি আখতারুজ্জামান লাভলু ও সাধারণ সম্পাদক সালেহ আকন অনুষ্ঠানে বক্তব্য দেন।
