২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা: মেয়র আরিফুলও কারাগারে

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আত্মসমর্পণের পর সিলেট সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 10:50 AM

Updated : 13 Oct 2022, 12:58 PM

পুরনো খবর:

কিবরিয়া হত্যা: হারিছ আরিফুল গউছকে গ্রেপ্তারের নির্দেশ
নাম-ঠিকানা ভুল, কিবরিয়া হত্যায় ফের অভিযোগপত্র দিতে হবে
কিবরিয়া হত্যা: আত্মসমর্পণের পর কারাগারে গউছ

বিএনপির এই কেন্দ্রীয় নেতা মঙ্গলবার সকালের দিকে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক রোকেয়া আক্তার জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আরিফুলের আইনজীবী কামাল উদ্দিন সেলিম জানান।  

দুই দিন আগে ২৮ ডিসেম্বর একই মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেছিলেন হবিগঞ্জের পৌর মেয়র গোলাম কিবরিয়া গউছ। বিচারক তাকেও কারাগারে পাঠান।

গত বছর নির্বাচনে জয়ী হয়ে সিলেটের মেয়র নির্বাচিত হওয়া আরিফুল হক সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিরও সদস্য। 

আরিফুল হক চৌধুরী আদালতে হাজির হওয়ার সময় আদালত এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

আদেশের পর আসামিপক্ষের আইনজীবী মঞ্জুর উদ্দিন শাহীন বলেন, “আমরা আদালতের আদেশে হতাশ। আমরা উচ্চ আদালতে যাব। আশা করি উচ্চ আদালতে ন্যায়বিচার পাব।”

আদেশের আগে মেয়র আরিফুল আদালতে সাংবাদিকদের বলেন, “আমি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমি মেয়র নির্বাচিত হওয়ায় এবং সিলেটে উন্নয়নমূলক কাজ করার কারণে আজ আসামি হয়েছি।”

এ মামলার পাবলিক প্রসিকিউটর আকবর হোসেন জিতু বলেন, “এটি একটি চাঞ্চল্যকর মামলা। আশা করি বর্তমান সরকারের আমলেই এ হত্যাকাণ্ডের বিচার হবে।”  

আরিফুল হক চৌধুরী, জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে গত ২১ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তাদের গ্রেপ্তারের বিষয়ে ৮ জানুয়ারি পুলিশকে প্রতিবেদন দিতে বলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল এই ১১ জনের নাম যোগ করে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দিলে এই আদেশ আসে।

নতুন আসামিদের নিয়ে এ মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

Image
শাহ এ এম এস কিবরিয়া

শাহ এ এম এস কিবরিয়া

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওই হামলায় আরো নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। আহত হন শতাধিক নেতাকর্মী।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।