২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব জনপদে বিএনপিকে প্রতিরোধ: নাসিম

বিএনপি বাংলাদেশের পরিস্থিতি ফের অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে দাবি করে তাদের সর্বত্র প্রতিরোধের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2014, 09:07 PM

Updated : 22 Aug 2022, 08:10 PM

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতালের এক দিন আগে রোববার ১৪ দলের এক বৈঠকের পর জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে বলেন, “সমস্ত জনপদে তাদেরকে প্রতিরোধ করা হবে।”

হরতাল প্রসঙ্গে তিনি বলেন, “গাজীপুরে যেভাবে হরতাল হয়েছে। সেভাবে হরতাল হবে। জনগণ সাড়া দেবে না। মানুষ দোকানপাট খোলা রাখবে। রাস্তায় গাড়ি চলবে।”

বঙ্গবন্ধুকে কটাক্ষ করে তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাসিম বলেন, “বেগম জিয়ার দলের একজন প্রবাসী পলাতক ব্যক্তি একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে ইতিহাসকে বিকৃত করে বক্তব্য দিচ্ছেন। খালেদা জিয়া, মির্জা ফখরুল এই ধরনের একজন অর্বাচীন ব্যক্তির বক্তব্যকে সমর্থন করেছেন।

“তার মানে হল, একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এটা করছে। তারা সরকারের সমালোচনা করতে পারে, ১৪ দলের সমালোচনা করতে পারে; কিন্তু যিনি জাতিকে সৃষ্টি করেছেন, তাকে এভাবে কটাক্ষ করা হবে, আর জনগণ সেটা সহ্য করবে, তা হতে পারে না।”

আগামী ৫ জানুয়ারিতে বিএনপির কর্মসূচি সম্পর্কে এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, “তারা বলছে গণতন্ত্রের হত্যা দিবস পালন করবে। হত্যা দিবস মানে কী? তাদের বক্তব্যের মধ্যেই উদ্দেশ্য আছে। তারা গণতন্ত্রকে হত্যা করতে চায়।”

আওয়ামী লীগকে কর্মসূচি করতে দেওয়া হবে না বলে বিএনপির হুমকির জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “১৪ দলকে প্রতিহত করার ক্ষমতা কারও নাই।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচন দিতে বিএনপির দাবি নাকচ করে নাসিম আবারও বলেন, ২০১৯ সালের আগে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ দল আগামী ৬ জানুয়ারি শহীদ মিনারে গণতন্ত্রের ‘বিজয় দিবস’ পালন করা হবে। ৫ জানুয়ারি জেলা শহরগুলোতে মিছিল-শোভাযাত্রা হবে।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভাণ্ডারী।

উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

হরতালে রাজপথে থাকবে ছাত্র-যুবলীগ

২০ দলীয় জোটের ডাকা হরতাল প্রতিরোধে সোমবার বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজপথে সতর্ক অবস্থানে থাকবে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনাকে যারা বাধাগ্রস্ত করতে চায়, দেশের জনগণকে নিয়ে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।”

যুবলীগ নেতারা জানান, ঢাকার ১৫টি পয়েন্টে হরতাল প্রতিরোধে অবস্থান করবেন তারা। তাছাড়া সারাদেশে নেতা-কর্মীরা হরতাল প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকবে।

ছাত্রলীগ সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালকে ঘিরে কেউ যেন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা তৈরি না করতে পারে সেজন্য ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্ক অবস্থানে থাকবে।”

রোববার সন্ধ্যায় হরতাল সমর্থকরা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

“যারা হাতবোমা ফাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থির করতে চায়, তাদের প্রতিরোধে শিক্ষার্থীদের পাশে নিয়ে কাজ করে যাবে ছাত্রলীগ,” বলেন তিনি।

পুরনো খবর:

আওয়ামী লীগকেও সমাবেশ করতে দেব না: রিজভী