২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন তদন্তে বিএনপির কমিটি

শেলা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনা এবং সুন্দরবনের ওপর এর প্রভাব তদন্তে একটি কমিটি গঠন করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2014, 05:45 PM

Updated : 22 Aug 2022, 08:07 PM

দলের ভাইস চেয়ারম্যান, সাবেক পানিসম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত সাত সদস্যের এই কমিটিতে বিএনপি নেতাদের পাশাপাশি পরিবেশ আন্দোলনের এক নেতাকেও রাখা হয়েছে।

খালেদা জিয়ার নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে বলে শনিবার সাংবাদিকদের জানিয়ছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।

কমিটির অন্য সদস্যরা হলেন- সুন্দরবন রক্ষা আন্দোলনের আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, খুলনার মেয়র মনিরুজ্জামান মনি, বাগেরহাট বিএনপির সভাপতি আবদুস সালাম ও খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মনা।

এই কমিটিকে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে সরেজমিন তদন্ত শেষে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Image
সুন্দরবনের জলে ভাসা তেল

সুন্দরবনের জলে ভাসা তেল

হাফিজউদ্দিন বলেন, তারা সুন্দরবন পরিদর্শনে যাবে। তেল ছড়িয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত করে ফিরে সংবাদ সম্মেলন করবেন তারা।

গত ৯ ডিসেম্বর শেলা নদীতে কার্গোর ধাক্কায় একটি ফার্নেস অয়েলের ট্যাংকার ডুবে গেলে এতে থাকা সাড়ে ৩ লাখ লিটার তেল ছড়িয়ে পড়ে সুন্দরবনের নদী-খালে।

সরকারের নির্দেশে জলে ভেসে থাকা তেল তুলে নেওয়ার পাশাপাশি ওই রুটে সাময়িকভাবে বাণিজ্যিক নৌচলাচল বন্ধ রাখা হয়।

বিএনপির অভিযোগ, ওই নৌ দুর্ঘটনা ছিল পরিকল্পিত এবং সুন্দরবনের ক্ষতি করতে উদ্দেশ্যমূলকভাবে এই ট্যাংকারটি ডোবানো হয়েছে।

পুরনো খবর:

তেলের জাহাজডুবি সম্পূর্ণ পরিকল্পিত: খালেদা