নিউ ইয়র্কে বঙ্গবন্ধুর নামে ‘মতলবি’ পুরস্কার
১৩ ডিসেম্বর- যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর নামে একটি সংগঠনের পুরস্কার দেওয়ার অনুষ্ঠানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
বর্জন এবং প্রতিরোধের মুখে নিরাপত্তা প্রহরী রেখে নিউ ইয়র্কে শনিবার সন্ধ্যায় ‘বঙ্গবন্ধু লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেয় ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ’ নামক একটি সংগঠন।
মোট ১৩ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র চারজন।
ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মাহমুদ এবং বঙ্গবন্ধু একাডেমি ইউএসএ’র প্রধান উপদেষ্টা নাঈমা খান অনুষ্ঠানস্থলের কাছাকাছি এসে প্রতিবাদকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, নিউ জার্সির কাউন্সিলম্যান মুক্তিযোদ্ধা ড. নূরুন্নবী, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভাপতি প্রদীপ রঞ্জন কর, সাপ্তাহিক বাঙ্গালী সম্পাদক কৌশিক আহমেদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ এবং কম্যুনিটি এক্টিভিষ্ট খোরশেদ আলম পুরস্কার নিতে যাননি।
নিউ ইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার বিক্ষোভ কর্মসূচিতে বলেন, “বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে চাঁদাবাজি আর ধান্দাবাজি চলতে দেওয়া যায় না। আমরা এটি বরদাশত করব না।”
তাদের বিক্ষোভের মধ্যে পুরস্কার নেন ইমাম কাজী কাইয়্যুম, সাংবাদিক মাফুজুর রহমান, বাংলাদেশ কালচারাল সোসাইটির সভাপতি নাসরিন আহমেদ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সেক্রেটারি সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ইউএসএ’র কার্যক্রস স্থগিতের পর গজিয়ে ওঠা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এই অনুষ্ঠানকে ঘিরে গত কদিন থেকেই উত্তেজনা চলছিল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে।
নিউ ইয়র্ক রাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল বলেন, “কথিত এই সংগঠনের সাথে জড়িত ব্যক্তিরা কখনোই আওয়ামী পরিবারের কোনো কর্মসূচিতে ছিলেন না অথবা সাংগঠনিকভাবেও সম্পর্কিত নন।”
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য জসীমউদ্দিন খান মিঠু বলেন, “বঙ্গবন্ধু লিডারশিপ অ্যাওয়ার্ডের নামে যারা ব্যবসা করতে চায়, তাদেরকে প্রতিহত করার দায়িত্ব আওয়ামী পরিবারের সকলের।”
পুরস্কার নেওয়ার জন্য ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে এসেও কেন অনুষ্ঠান বর্জন করলেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে চাইলে শাহজাহান মাহমুদ বলেন, “এওয়ার্ডপ্রাপ্তদের তালিকায় যাদের নাম দেখেছি, প্রায় সকলেই আওয়ামী পরিবারের সদস্য। এজন্যই এসেছিলাম।
“কিন্তু নিউ ইয়র্কে এসে জানলাম যে আয়োজকরা বিশেষ মতলবে এমন অনুষ্ঠানের আয়োজন করেছেন “
‘বঙ্গবন্ধু লিডারশিপ অ্যাওয়ার্ড’ পুরস্কার প্রদান অনুষ্ঠান
সিদ্দিকুর রহমান বলেন, “আমি ওই অনুষ্ঠানে যাইনি। কারণ, আয়োজকদের ব্যাপারে আমার স্বচ্ছ কোনো ধারণা নেই।”
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোমেন শনিবার দুপুরেই ফিরেছেন লিমার জলবায়ু সম্মেলন থেকে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এর কিছুই জানি না। আমাকে কেউ কিছু জানায়নি বা আমন্ত্রণও করেনি।”
বাইরে প্রতিবাদের মধ্যে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি পীরজাদা নুরুল আবেদীনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস সালামের তত্ত্বাবধানে ফুডকোর্ট পার্টি হলে অনুষ্ঠিত হয় ওই পুরস্কার প্রদান অনুষ্ঠান।
ডজনখানেক শিল্পী এবং ৩/৪ জন সাংবাদিক বাদে অনুষ্ঠানে ছিলেন ১৫ জন সুধী। যাদের অধিকাংশই শিশু শিল্পীদের অভিভাবক।
নুরুল আবেদীন তাদের বিরুদ্ধে অভিযোগ নাকচ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছরের ৭ জুলাই আমরা নিউ ইয়র্ক রাজ্য প্রশাসনে রেজিস্ট্রেশন করেছি। আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বলেই বিজয়ের মাসে এ অনুষ্ঠানের আয়োজন করেছি। চাঁদাবাজি এবং ধান্দাবাজিতে আমরা নেই।”
