দেশের মানুষ পরিত্রাণ চায়: এরশাদ
দেশে ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই’ মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, একমাত্র তার দল জাতীয় পার্টিই এ অবস্থা থেকে দেশের মানুষকে ‘পরিত্রাণ’ দিতে পারে।
রোববার শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জাতীয় পার্টির নেতাকর্মীরা সকাল পৌনে ৯টার দিকে দলের চেয়ানম্যান এরশাদের নেতৃত্বে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে এরশাদ সাংবাদিকদের কাছে দাবি করেন, রাষ্ট্রপতি হিসাবে তিনিই প্রথম বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছিলেন।
“আমিই প্রথম রাষ্ট্রপতি হিসাবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলাম। আগে এটা ছিলো বিরান ভূমি। এর সৌন্দর্য্য বর্ধনের কাজ আমিই করেছিলাম।”
সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, “একাত্তরে যেমন হত্যা ও গুম হয়েছিল, তা এখনো চলছে। গত নয় মাসে ৮২ জন মানুষ মারা গেছে।
“এই দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। এই অবস্থা থেকে মানুষ পরিত্রাণ চায়। এই পরিত্রাণ দিতে পারে জাতীয় পার্টি।”
পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ ও সৈয়দ আবু হোসেন বাবলা এ সময় এরশাদের সঙ্গে ছিলেন।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসরদের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এ দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে হত্যা করে। পরে তাদের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়েরবাজার এলাকায়।
পরাজয় নিশ্চিত জেনেই পাকিস্তানি বাহিনী এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটায়, যার উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর বাংলাদেশের পুনর্গঠন বাধাগ্রস্ত করা।
