‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে নাক গলাতে সাহস পেত না’
বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন দেশ ‘নাক গলানোর’ সাহস পেত না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বিজয় দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের দেশের রাজনীতি নিয়ে অন্য দেশ কীভাবে নাক গলায়? বঙ্গবন্ধু বেঁচে থাকলে সেই সাহস তারা পেত না।”
অবশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোয় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কঠোর ভাষায় প্রতিবাদ করেছেন বলেও উল্লেখ করেন মোজাম্মেল।
বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের এই আলোচনা সভায় মন্ত্রী বলেন, “গত ৫ জানুয়ারি নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আর ক্ষমতার ধারাবাহিকতা না থাকলে উন্নয়নের চূড়ান্তে পৌঁছানো যায় না।”
টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠন করার পর গত এক বছরে অনেকগুলোর উন্নয়ন কাজ শুরু ও শেষ হয়েছে বলেও দাবি করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
৫ জানুয়ারির নির্বাচন বানচাল করে তথাকথিত সুশীলদের দিয়ে সরকার গঠনের ষড়যন্ত্র ছিল বলেও অভিযোগ করেন তিনি।
মোজাম্মেল বলেন, “বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও সেই প্রতিবিপ্লবীদের পরাজিত করে শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠন করেছিল।
“আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফলে ২০০১ সালে সেই ক্ষমতা ধরে রাখা যায়নি। তবে বঙ্গবন্ধু যে আদর্শের কর্মী সৃষ্টি করে গেছেন তারা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় এনেছেন।”
শেখ মুজিবুর রহমান আপোস করলে তাকে হত্যা করা হত না উল্লেখ করে মোজাম্মেল বলেন, “আমেরিকাকে সেন্টমার্টিন দ্বীপ দিয়ে দিলে বঙ্গবন্ধুকে হত্যা করা হত না।”
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ অন্য আলোচকরা বাংলাদেশের স্বাধীতনা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান নিয়ে বিভিন্ন ঘটনাপ্রবাহ বিস্তারিতভাবে তুলে ধরেন।
বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করার ঘোষণা দেন এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মেদ।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি গণি মিয়া বাবলুর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. শাখাওয়াত হোসেন প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।
